অ্যান্ডারসনকে শেবাগের খোঁচা
এত দিনে বোধ হয় জ্বলুনি একটু কমল বীরেন্দর শেবাগের। বছর পাঁচেক আগে জেমস অ্যান্ডারসন তাঁকে যে যন্ত্রণা উপহার দিয়েছিলেন, সেটাই ইংলিশ পেসার নিজে পেলেন সদ্য শেষ হওয়া বিশাখাপত্তনম টেস্টে। আর সেটা দেখে শেবাগও তাই বেশ ভালোই খোঁচা দিলেন অ্যান্ডারসনকে টুইটারে।
বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে নিজের খেলা প্রথম বলেই আউট হয়েছেন অ্যান্ডারসন, দ্বিতীয় ইনিংসেও তা-ই। প্রথমবার রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লু, পরেরবার বোলার ছিলেন জয়ন্ত যাদব। দুই ইনিংসেই ‘গোল্ডেন ডাক’—গত এক শ বছরে আর কোনো ইংলিশ ক্রিকেটারের এই দুর্ভাগ্য হয়নি। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ‘কিং পেয়ার’ পেয়েছিলেন আর্নি হায়েস, ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ভাবছেন, এর মধ্যে শেবাগ এলেন কোথা থেকে? ২০১১ সালে ইংল্যান্ড সফরে কিং পেয়ার পেয়েছিলেন শেবাগও। এজবাস্টনে ওই টেস্টের প্রথম ইনিংসে শেবাগকে আউট করেছিলেন স্টুয়ার্ট ব্রড, দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসন!
এত দিন পর সেই অ্যান্ডারসনকেই জোড়া ‘সোনালি শূন্য’ পেতে দেখে খোঁচা মারার লোভটা সামলাতে পারেননি শেবাগ। টুইট করেছেন, ‘২০১১ সালে অ্যান্ডারসন আমাকে কিং পেয়ারে আউট করে আর্যভট্টের (প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ) কাছে প্রার্থনা করতে বাধ্য করেছিল। এবার সে নিজেই কিং পেয়ার পেল। নিয়তি এমনই!’
অবশ্য শুধু খোঁচা নয়, সমবেদনাও পেয়েছেন অ্যান্ডারসন। কিংবদন্তি অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট যেমন টুইট করেছেন, ‘আমাদের দলে স্বাগত জিমি অ্যান্ডারসন। ২০০১ সালে কলকাতায় প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে আমারও এই দুর্ভাগ্য হয়েছিল।’
অ্যান্ডারসন অবশ্য খোঁচা আর সহমর্মিতা দুটোই নিয়েছেন বেশ হাসিমুখে। নইলে কি আর জবাবে হাসির ‘ইমো’ দেন! এনডিটিভি।