অ্যান্ডারসন-স্তুতি

ম্যাচসেরার পুরস্কার পাননি। তবে গ্রেনাডা টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের নায়ক যদি কাউকে বলতে হয়, তিনি জেমস অ্যান্ডারসনই। চতুর্থ দিন শেষেও যে টেস্টের পরিণতি ড্র বলে মনে হচ্ছিল, সেটাকে একাই নাটকীয়ভাবে বদলে দিয়েছেন ইংলিশ পেসার। পঞ্চম দিনের প্রথম সেশনে উইকেট নিয়েছেন ৩টি। তবে ওয়েস্ট ইন্ডিজের আরও ৩ উইকেটের পেছনেও উজ্জ্বল ভূমিকা তাঁর। জার্মেইন ব্ল্যাকউডের আর কেমার রোচের ক্যাচ নিয়েছেন, দুর্দান্ত থ্রোয়ে রানআউট করেছেন জেসন হোল্ডারকে। প্রথম ইনিংসে অপরাজিত ১৮২ রানের জন্য ম্যাচসেরার পুরস্কারটি জো রুটের হাতে গেলেও ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের দৃষ্টিতে এ টেস্টের নায়ক অ্যান্ডারসনই।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কুক বলেছেন, ‘এটা অসাধারণ পারফরম্যান্স। সে-ই ম্যাচের নায়ক। এটাই প্রমাণিত হলো, কেন আমার দৃষ্টিতে সে ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার।’
মুগ্ধ সাবেক ইংল্যান্ড অধিনায়ক জিওফ বয়কটও, ‘ওর পারফরম্যান্স অসাধারণ। নতুন বলে ইংল্যান্ডের দুটি উইকেটের দরকার ছিল, সে তিনটি উইকেট এনে দিয়েছে।’
ইয়ান বোথামকে পেরিয়ে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন অ্যান্টিগা টেস্টেই। তবে শুধু পরিসংখ্যানে সেরা নন, ইংল্যান্ডের ক্রিকেট কিংবদন্তিদের মধ্যেও অ্যান্ডারসনের নাম থাকবে বলে মনে করেন তাঁর একসময়ের সতীর্থ অ্যাশলি জাইলস, ‘মাঝে একটা সময় এসেছিল যখন অনেকে মনে করেছিল সে আর পারবে না। কিন্তু তারপর সে রেকর্ড গড়েছে এবং নিজেকে অমরদের সারিতে নিয়ে গেছে।’ বিবিসি, ক্রিকইনফো।