অ্যান্ডিকে ছাপিয়ে বেয়ারস্টো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৭ রানের ইনিংস খেলার পথে জনি বেয়ারস্টো l প্রথম আলো
৪৭ রানের ইনিংস খেলার পথে জনি বেয়ারস্টো l প্রথম আলো

‘অ্যান্ডি, আমি আসছি!’
উইকেটকিপার হিসেবে টেস্টে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল অ্যান্ডি ফ্লাওয়ারের। ২০০০ সালে ৯ টেস্টে ১০৪৫ রান করেছিলেন এই জিম্বাবুইয়ান। আগস্টের শুরুতে পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে নতুন ইংলিশ রেকর্ড (৮৫৬ রান) গড়েই ফ্লাওয়ারের উদ্দেশে হুংকার ছেড়েছিলেন জনি বেয়ারস্টো। বছরের বাকি সময়ে আরও ৮টি টেস্ট খেলবেন, রেকর্ড তো ভাঙার স্বপ্ন দেখতেই পারেন!
৮ টেস্ট দরকার হয়নি, ২ টেস্টেই প্রয়োজনীয় রান তুলে ফেললেন ইংলিশ উইকেটকিপার। চট্টগ্রাম টেস্ট শুরু করেছিলেন ৯৯২ রান নিয়ে, প্রথম ইনিংসে ৫২ রান করে থেমেছিলেন ১০৪৪ রানে। ফ্লাওয়ারের পর দ্বিতীয় উইকেটকিপার হিসেবে করলেন এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রান। আর কাল দলের প্রয়োজনীয় মুহূর্তে ৪৭ রান করে ফ্লাওয়ারকেও পেছনে ফেলে দিলেন। তবে ফ্লাওয়ার এ ভেবে সান্ত্বনা পেতে পারেন, তাঁর (১৬ ইনিংসের) চেয়ে বেশিবার মাঠে নেমেছেন বেয়ারস্টো (১১ টেস্টে ১৮ ইনিংস)।
বছরের এখনো দুই মাস বাকি। এর মধ্যেই ১০৯১ রান করে ফেলেছেন বেয়ারস্টো। চোট ঝামেলা না করলে এ বছর আরও ৬টি টেস্ট খেলতে পারবেন। ব্যাট হাতে যে ফর্ম দেখাচ্ছেন, তাতে রেকর্ডটাকে অনেক উচ্চতায় নেবেন জনি, এটা আশা করাই যায়। ডেইলি মেইল।