অ্যাবট ফিরলেন তাঁর মতো করেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ফিরলেন অ্যাবট। ছবি: ক্রিকইনফো
মাঠে ফিরলেন অ্যাবট। ছবি: ক্রিকইনফো

কখনো সুখের, কখনো দুঃখের—কত ঘটনা এ জীবনে! তবে সেগুলো আঁকড়ে ধরে থাকার উপায় আছে? নিরন্তর এগিয়ে যেতে হয় সামনে। শন অ্যাবটও হয়তো তা-ই ভাবছেন। ফিলিপ হিউজের মৃত্যুর দুঃসহ স্মৃতি ভোলা যেতে পারে একমাত্র খেলার মাধ্যমেই—মানসিক চিকিৎসকদের এ দাওয়াই মেনে অ্যাবট আজ শেফিল্ড শিল্ডে মাঠে ফিরলেন কুইন্সল্যান্ডের বিপক্ষে। 
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত অল্প সংখ্যক দর্শক করতালি দিয়ে স্বাগত জানান অ্যাবটকে। নিজের করা প্রথম ওভারের পঞ্চম বলটিতেই কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান জো বার্নসকে বাউন্সার দেন ডানহাতি পেসার, ওটা চলে যায় বার্নসের মাথার ওপর দিয়ে। প্রথম ইনিংসে ১৫ ওভার বল করে নিউ সাউথ ওয়েলসের পেসার ৫৩ রানে পেয়েছেন ২ উইকেট। প্রতিপক্ষের নাথান রেয়ারডনকে বোল্ড করে প্রথম উইকেটটি পান অ্যাবট। দ্বিতীয় শিকার বেন কাটিং।  হিউজের স্মরণে নিউ সাউথ ওয়েলসের খেলোয়াড়দের বাহুতে ছিল কালো বন্ধনী। সবার পোশাকে লেখা ছিল ‘PJH 707'। ফিলিপ জোয়ের হিউজ ছিলেন নিউ সাউথ ওয়েলসের ৭০৭ নম্বর ক্রিকেটার । পরে চলে গিয়েছিলেন সাউথ অস্ট্রেলিয়ায়।

 রয়টার্স।