অ্যাবটের পাশে হিউজ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় চোট পেয়ে জ্ঞান হারিয়েছিলেন ফিল হিউজ। তাঁর সে ঘুম ভাঙেনি আর। কে জানে, কত নির্ঘুম রাত কাটাতে হয় শন অ্যাবটকেও! যে বলের আঘাতে এত বড় ট্র্যাজেডি, সেই বলটা যে বেরিয়েছিল তাঁর হাত থেকেই!
চোট পেয়ে হিউজ মাটিতে পড়ে যাওয়ার পর সবার আগে ছুটে এসে অ্যাবট তাঁকে স্ট্রেচারেও তুলেছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে হিউজ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের প্রায় পুরোটা সময় বাইরে অপেক্ষমাণ অ্যাবটের চোখ থেকেছে বাষ্পরুদ্ধ। মৃত্যুর খবর পেয়ে কেঁদেছেন হাউমাউ করে। কিন্তু কিছুতেই যেন নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। মানসিকভাবে বিধ্বস্ত ২২ বছর বয়সী এ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন তাঁর সতীর্থরা, এমনকি প্রয়াত হিউজের পরিবারও। হিউজেরই এক ঘনিষ্ঠ আত্মীয় অ্যান্থনি মাইলস বলেছেন, ‘আমরা ওর পাশে আছি। ও ভুল কিছু করেনি। ফিলিপ যদি বেঁচে থাকত তাহলেও বলত—ঠিক আছে, দেখি পরের বলটা করো তো।’ এমন স্মৃতি নিয়ে অ্যাবট আবার আগের মতো বল করে যেতে পারবেন কি না, সে প্রশ্ন উঠছে। তবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি বলেছেন, ‘অ্যাবটের মতো ভালো ছেলে ক্রিকেট মাঠ থেকে সরে যাবে, তা হয় নাকি? ও মাঠে ফিরবেই। আমরাই ওকে সাহস জোগাব।’ সিডনি মর্নিং হেরাল্ড।