অ্যামব্রোসের বাউন্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্যার অ্যান্ডি রবার্টস এ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কোনো সুযোগই দেখছেন না। আসলে দেখছেন না কেউই।
ডেভিড ওয়ার্নার হুমকি দিয়েছেন, ক্যারিবীয়দের একটুও দয়ামায়া দেখাবেন না তাঁরা।
কাউকে দয়া দেখানোর প্রসঙ্গটা তখনই আসে, যখন কারও অবস্থা খারাপ থাকে। হোবার্টে কাল থেকে তিন ম্যাচ সিরিজের ফ্রাঙ্ক ওরেল ট্রফি শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা যে খুব একটা ভালো নয়, প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ নামে একটা যেনতেন দলের কাছে ১০ উইকেটে হারই বলে দিচ্ছে তা। তারপরও স্যার কার্টলি অ্যামব্রোস কী অবলীলায় সব উড়িয়ে দিলেন!
বল হাতে যতটা বিধ্বংসী ছিলেন, বল হাতে না থাকলে ততটাই নিপাট ভদ্রলোক। গত বছরের শুরুতে নাইটহুড পেয়ে নামের আগে ‘স্যার’ যোগ হওয়ার পর যেন ব্যক্তিত্বে গাম্ভীর্যটা আরও বেড়েছে। সেই অ্যামব্রোসকেই যখন অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জিজ্ঞেস করল, এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের আদৌ কোনো সম্ভাবনা আছে কি না, চোখে তাঁর আগুন। যে অগ্নিদৃষ্টিতে দুই দশক আগে ত্রিনিদাদে প্রায় পুড়তে চলেছিলেন স্টিভ ওয়াহ! চোখের আগুনে উত্তাপ গলায় এনে বললেন, ‘আপনারা সাংবাদিকেরা তো যা দেখবেন, তা-ই লিখবেন। আমিও অনেক বছরে কিছু জিনিস শিখেছি, বলছি না এসব পাত্তা দেওয়ার কিছু নেই, তবে জানি এসব লেখা থেকে কতটুকু নিতে হবে আর কতটুকু নেওয়া যাবে না। এই যে বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল নয়, কোনো লড়াই করতে পারবে না, এসব নিয়ে আমরা উদ্বিগ্ন নই। দিনশেষে যদি আমরা পারফর্ম করি এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দিই, আপনাদেরই সুর বদলে ফেলতে হবে।’
একসময় ব্যাটসম্যানদের মনে ত্রাস তৈরি করা ওয়েস্ট ইন্ডিয়ান পেসার এখন ওয়েস্ট ইন্ডিজের বোলিং উপদেষ্টা। স্বাভাবিকভাবেই দলকে অনুপ্রাণিত করতে তাঁর এ রকম কিছু কথা বলতেই হয়। তবে অ্যামব্রোসের কথাগুলোর মধ্যে যেন শুধু দলকে অনুপ্রাণিত করার সুর নয়, চেপে থাকা একটা জেদও বেরিয়ে এল।
পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ফর্ম অবশ্য অ্যামব্রোসের কথাবার্তাকে নিছক বাগাড়ম্বর বলেই মনে করাতে চাইছে। সর্বশেষ ২০ টেস্টে মাত্র ৪টি জয় ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট র্যাঙ্কিংয়ে পেছনে শুধু বাংলাদেশ ও জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান তো আরও খারাপ। সর্বশেষ ২৪ টেস্টে একটাই জয়, ২০০৩ সালে অ্যান্টিগায়। অথচ অস্ট্রেলিয়া জিতেছে ২০ বার! অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতিটা তো ওয়েস্ট ইন্ডিজের আরও পুরোনো, পার্থে ১৯৯৭ সালে।
তবে এসব পরিসংখ্যান থেকেও একটা ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন অ্যামব্রোস, ‘আন্ডারডগ হওয়া কখনো কখনো ভালোও। আমাদের তো হারানোর কিছু নেই। আমি যতটুকু বুঝি, অস্ট্রেলিয়াই চাপে থাকবে। ওরা আমাদের পিষে ফেলবে—এটাই তো অস্ট্রেলিয়ানদের এবং ক্রিকেট-বিশ্বের সাধারণ ধারণা। সুতরাং ওরাই চাপে থাকবে, আমরা নই।’
জেদ বলুন আর অনুপ্রেরণা, সেটা যে এরই মধ্যে দলের মধ্যেও ছড়িয়ে দিতে পেরেছেন অ্যামব্রোস, সেটা বোঝা যাচ্ছে পেসার কেমার রোচের কথা শুনেও, ‘আন্ডারডগ থাকতে আমিও ভালোবাসি। এর ফলে যখন আমরা জিতে যাব, তখন গল্পটা অন্য রকম হবে।’ এএফপি।