অ্যালিস্টার 'ম্যারাথন' কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬৩ রানের রেকর্ডভাঙা ইনিংসে সুইপ শটটাই বেশি খেলেছেন কুক। কাল আবুধাবিতে l এএফপি
২৬৩ রানের রেকর্ডভাঙা ইনিংসে সুইপ শটটাই বেশি খেলেছেন কুক। কাল আবুধাবিতে l এএফপি

ব্যাটিংয়ে বিস্ফোরণ ঘটাতে পারেন না। হাতে নেই চোখধাঁধানো স্ট্রোকের ফুলঝুরিও। অ্যালিস্টার কুকের যা আছে সেটি হলো অখণ্ড মনোযোগ। আছে ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে যাওয়ার অসাধারণ সামর্থ্য। আবুধাবির বিরুদ্ধ পরিবেশে কুক এটির মাধ্যমেই আবার প্রমাণ করলেন নিজের সামর্থ্য।

‘ক্যাপ্টেন’ কুক উইকেটে এসেছিলেন দ্বিতীয় দিনের শেষ সেশনে। পরে ব্যাট করলেন পুরো তৃতীয় দিন। যেভাবে ব্যাট করছিলেন, মনে হচ্ছিল অনন্তকাল ব্যাট করে যেতে পারবেন ইংল্যান্ড অধিনায়ক। শেষ পর্যন্ত কুক ফিরেছেন শোয়েব মালিকের বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে শান মাসুদের ক্যাচ হয়ে। তবে এর আগেই ক্রিজে কাটিয়ে দিয়েছেন ৮৩৬ মিনিট (১৩ ঘণ্টা ৫৬ মিনিট)। টেস্ট ইতিহাসের তৃতীয় দীর্ঘতম ইনিংস, প্রথম শ্রেণির ইতিহাসে যেটা সপ্তম দীর্ঘতম। বিমানে আবুধাবি থেকে সিডনি যেতেও নাকি এত সময় লাগে না।

কুক অবশ্য বলতে পারেন এ আর নতুন কী! ২০১১ সালে এজবাস্টনে ভারতের বিপক্ষে ৭৭৩ মিনিট ক্রিজে থেকে করেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ২৯৪। এবার অবশ্য করেছেন ২৬৩। ১৮টি চারে সাজানো কুকের ৫২৮ বলের ইনিংসে ভর করেই পাকিস্তানের ৫২৩ রান পেরিয়ে গেছে ইংল্যান্ড। ৮ উইকেটে ৫৬৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা ইংলিশরা এগিয়ে ৪৬ রানে।

চার দিনেও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। অবিশ্বাস্য কিছু না ঘটলে ড্র-ই লেখা হচ্ছে ম্যাচের ভাগ্যে। ম্যাচের ফল যা-ই হোক, আরব আমিরাতের অসহ্য গরমে শারীরিক ও মানসিক শক্তির যে প্রদর্শনী দেখালেন কুক, সেটা খুব দ্রুতই ভুলে যাওয়ার নয়।

দীর্ঘ ইনিংস খেলার হিসাবে তিনে থাকলেও কুক এক দিক দিয়ে অনন্য। সময়ের হিসাবে টেস্ট ইতিহাসের লম্বা ১০টি ইনিংসের দুটিই খেলেছেন কুক। শীর্ষ দশে অন্য কারও নাম দুবার আসেনি। ইতিহাসে জায়গা পেতে অবশ্য পাকিস্তানি ফিল্ডারদের কাছেও কৃতজ্ঞ থাকবেন ইংল্যান্ড অধিনায়ক। তৃতীয় দিনে স্কোয়ার লেগে কুকের ক্যাচ ছেড়েছিলেন ফাওয়াদ আলম। কাল সকালে ডান দিকে ঝাঁপিয়ে শুধু বলে গ্লাভসই লাগাতে পেরেছিলেন পাকিস্তানের উইকেটকিপার সরফরাজ আহমেদ। আগের দিনের ১৬৮ রানের সঙ্গে তখন মাত্র ৫ রান যোগ করেছিলেন কুক।

২৬৩ রানের ইনিংসটি খেলার পথে ইংল্যান্ডে বাঁহাতি ওপেনার নিজের করে নিয়েছেন আরও একগুচ্ছ রেকর্ড। ২০৮ রানের মাথায় এশিয়ায় ইংলিশ ব্যাটসম্যানদের সর্বোচ্চ ইনিংসটাকে নিজের করেছেন। পেছনে ফেলেছেন ১৯৮৫ সালে চেন্নাইয়ে মাইক গ্যাটিংয়ের ২০৭ কে। ইনিংস শেষে এশিয়ায় ২০৬৫ রান কুকের। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে (২০৫৮) পেছনে ফেলে এশিয়ার মাটিতে সবচেয়ে বেশি রান করা অ-এশীয়ও এখন কুক।

শোয়েব মালিকের পর অ্যালিস্টার কুকের রেকর্ডময় ইনিংস। তবে ম্যাচটিকে মনে রাখার কোনো কারণ নেই বোলারদের। চারটা দিনই যে মরা উইকেট মাথা কুটে মরতে হয়েছে তাঁদের। এএফপি, ক্রিকইনফো, গার্ডিয়ান, টেন ক্রিকেট।

মিনিট                        ম্যাচ                  ভেন্যু       সাল

৯৭০    হানিফ মোহাম্মদ    পাকিস্তান-ও. ইন্ডিজ    ব্রিজটাউন    ১৯৫৮

৮৭৮    গ্যারি কারস্টেন      দ. আফ্রিকা-ইংল্যান্ড    ডারবান       ১৯৯৯

৮৩৬    অ্যালিস্টার কুক     ইংল্যান্ড-পাকিস্তান       আবুধাবি      ২০১৫