অ্যাশেজ জিতেও 'বাংলাদেশ-লজ্জা' ভুলতে পারছে না ইংল্যান্ড

এক টেস্ট বাকি থাকতেই অ্যাশেজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়াকে দুমড়ে-মুচড়ে দিয়েই তাদের এই সাফল্য। উৎসবটা তাই ইংলিশদের জন্য অন্যরকম ভালো লাগা হয়েই এসেছে। তবে এমন উৎসবের লগ্নেও বিশ্বকাপের ভরাডুবি ভুলতে পারছে না তারা। সহকারী কোচ পল ফারব্রেসের কণ্ঠেও শোনা গেল সেই হাহাকারই।
মাত্র চার মাস আগের বিশ্বকাপের সময়টা ইংলিশ ক্রিকেটের কালো-অধ্যায়ই হয়ে এসেছিল। বাংলাদেশের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হয় তাদের। নিজেদের গ্রুপের অন্যান্য ম্যাচে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের পর কেবল আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষেই জয় এসেছিল ক্রিকেটের জনকদের।
বাংলাদেশ যেন বিশ্বকাপে বলে-কয়েই হারিয়েছিল ইংল্যান্ডকে। অ্যাডিলেডের সেই ম্যাচটা বাংলাদেশ দুর্দান্ত খেলে জিতে নেওয়ায় ইংলিশ ক্রিকেটের আভিজাত্যই প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। বিশ্বকাপের এই ভরাডুবিকে অনেকেই ইংলিশ ক্রিকেটের ‘কালো অধ্যায়’ হিসেবে অভিহিত করেছিলেন।
সেই সময়ের কথা মনে করে চার মাস পরেও শরীর শিউরে ওঠে ফারব্রেসের, ‘আমাদের মানসিক শক্তি ছিল একেবারেই তলানিতে। আমরা সেখান থেকে বের হতে পারছিলাম না। অস্ট্রেলিয়া প্রথম ম্যাচেই আমাদের উড়িয়ে দিয়েছিল। আমরা সেটা আর কাটিয়ে উঠতে পারিনি। বিশেষ করে শেষ এক সপ্তাহ ছিল জঘন্য। দলের প্রত্যেকে সমালোচনার তিরে ক্ষতবিক্ষত হচ্ছিল প্রতি মুহূর্তে।’ ওই সময়টিকে বেদনাদায়কই মনে হয় ফারব্রেসের, ‘সময়টা চিরদিনই আমাদের পীড়া দিয়ে যাবে।’
তবে বিশ্বকাপের পরপরই ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বকাপের পরপরই কোচ পিটার মুরসকে বিদায় বলে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রেভর বেলিস এসেছেন নতুন কোচ হয়ে। তাঁর অধীনে ইংল্যান্ড এখন খেলছে আক্রমণাত্মক ক্রিকেট। বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। আর অস্ট্রেলিয়াকে তো এবারের অ্যাশেজে রীতিমতো উড়িয়েই দিল তারা। ফারব্রেস বেলিসের কোচিংয়ের ধারাটিকেই দলের বদলে যাওয়ার অনুষঙ্গ মানছেন, ‘ট্রেভ ওদের (খেলোয়াড়) সব সময় ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে বলেন। কারণ আপনি বলকে ডিফেন্ড করতে চান বা মারতে চান, ইতিবাচকভাবে খেললেই কেবল আপনার সেরাটি বেরিয়ে আসে।’ সূত্র: এএফপি।