অ্যাশেজ হেরে ফুটবলে লেম্যান?

রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল-প্রবাদটা অনেক পুরোনোই। কিন্তু অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানের কর্মকাণ্ড পুরোনো সেই প্রবাদকে সবাইকে আবার নতুন করে মনে দিয়েছে। ট্রেন্টব্রিজ টেস্টে আড়াই দিনেরও কম সময়ে হার নিশ্চিত হয়ে অ্যাশেজ হারানোর পর দিনই লেম্যান চলে গেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা তাড়িয়ে উপভোগ করতে। খেলা তিনি কেবল উপভোগই করলেন না, টুইটারে টুইট করে সেই আনন্দ ভাগাভাগি করলেন আর সকলের সঙ্গেই।
লেম্যান অবশ্য শনিবারই টুইটারে ইংলিশ লিগে লিভারপুল ও স্টোকসিটির খেলা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে জন্য টিকিট চেয়ে একটি টুইটও করেছিলেন। অস্ট্রেলীয় সমর্থকেরা তখন বিধ্বস্ত ট্রেন্টব্রিজের লজ্জাজনক হারে। লেম্যানের এই দায়িত্বহীন টুইট মেনে নিতে পারলেন না অনেকেই। অনেকের কাছেই ব্যাপারটি যেন ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ বলে মনে হলো। সঙ্গে সঙ্গে তারা লেম্যানকে জবাবও দিয়ে দিলেন। বেন ম্যাকগ্রা নামে একজন তো পরামর্শই দিলেন, ‘মনে হয় না টুইটটি লেখার খুব ভালো সময় এটি। তবে তিনি পুরো দলকে নিয়ে খেলা দেখতে যেতে পারেন, যদি সেখান থেকে রক্ষণাত্মক খেলাটা শিখতে পারেন।’ আরেক ক্রিকেট ভক্ত খোঁচা দিলেন, ‘ট্রেন্টব্রিজ টেস্টের পঞ্চম দিনেরও বেশ কিছু টিকিট আছে। লাগলে বলবেন! ’
অস্ট্রেলীয় সমর্থকদের ফিরতি টুইট লেম্যানকে যে ছুঁয়ে যায়নি, তা কিন্তু নয়। কটূক্তির মুখেই তিনি আবার টুইট করেন অনুযোগের সুরে, ‘ভাই একটা সাহায্য চেয়েছিলাম, তাই টুইটটা করেছিলাম। এখন আর তার প্রয়োজন নেই। দুঃখিত।’
লেম্যান টিকিট পেলেন কীভাবে? এর উত্তরটা তিনি নিজেই টুইটারে জানিয়েছেন। স্টোকসিটি তাঁদের অফিশিয়াল টুইটারে অস্ট্রেলীয় ক্রিকেট কোচের জন্য একটি লিভারপুল-স্টোকসিটি ম্যাচের টিকিটের ব্যবস্থা করার কথা জানায়। টুইট করে তিনি স্টোক সিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন। এই পর্যায়ে প্রতিক্রিয়া অবশ্য খুব খারাপ ছিল না!
অ্যাশেজের শেষ টেস্ট ওভালে। ওভাল টেস্টের আগে দশ দিনের ছুটি পাচ্ছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা।। তবে ট্রেন্টব্রিজ টেস্টের পারফরম্যান্সের পর স্বাভাবিক খেলায় ফিরে আসতে হলে চেনা অচেনা সবরকম দাওয়াই দরকার হবে লেম্যানের শিষ্যদের। লিভারপুল-স্টোকসিটির ম্যাচটা খুব সম্ভবত নিজের দাওয়াই হিসেবেই নিয়েছিলেন লেম্যান। সূত্র: রয়টার্স।