অ্যাশেজে আবার নতুন বিতর্ক
ব্রিসবেন টেস্টে আজ ২ উইকেটে ২২০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৫৯ রানের জুটিতে দিন পার করেন জো রুট ও ডেভিড ম্যালান।
৮০ রানে অপরাজিত থাকা ম্যালান সেঞ্চুরির সুবাস পাচ্ছেন। অথচ ইংলিশ ব্যাটসম্যান আউট হতে পারতেন মাত্র ১৬ রানেই। অন্তত অস্ট্রেলিয়ার দাবি এমনই। কিন্তু ডিআরএসে কারিগরি ত্রুটির কারণে ম্যালানকে তখন ফেরাতে পারেনি অস্ট্রেলিয়া। কাল দ্বিতীয় দিনেও রিভিউ প্রযুক্তি ঠিকমতো কাজ না করায় বিতর্কের ঝড় বয়ে যায়।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘চ্যানেল নাইন’ ও ‘চ্যানেল সেভেন’ এ নিয়ে জানিয়েছে, ম্যালান ১৬ রানে ব্যাটিংয়ের সময় জস হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। বল তাঁর ব্যাটের মাথা ছুঁয়ে গেছে, ক্রিকইনফোর ম্যাচ কমেন্ট্রিতেও এ কথা বলা হয়।
কিন্তু তৃতীয় আম্পায়ার পল উইলসন ম্যালানকে আউট ঘোষণা করেননি। তিনি মাঠে আম্পায়ার পল রাইফেলের নট আউট সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে রুট–ম্যালানের দারুণ জুটিতে তৃতীয় দিনটা ভালোভাবে পার করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার তাতে খুশি হওয়ার কোনো কারণ নেই। ম্যালানকে দ্রুত ফেরাতে পারলে ম্যাচে অনেক এগিয়ে থাকত প্যাট কামিন্সের দল।
লাইভ রিভিউ প্রযুক্তি এ টেস্টে পুরোটা কাজে লাগানো সম্ভব হচ্ছে না। বোলারদের প্রতিটি ডেলিভারিতে ‘ওভারস্টেপ’ পরীক্ষা করতে পারছেন না তৃতীয় আম্পায়ার। এ নিয়ে কাল দ্বিতীয় দিনেই চরম বিতর্ক শুরু হয়। প্রথম সেশনে বেন স্টোকস ১৪টি ‘নো বল’ করেও ১২টিতে পার পেয়ে যান!
আজ ম্যালানের আউটের আবেদনে রেইফেল সাড়া না দেওয়ার পর রিভিউ নেয় অস্ট্রেলিয়া। কিন্তু ‘স্নিকো’ কাজ না করায় বলটা ম্যালানের ব্যাট ছুঁয়ে গেছে কি না, সে বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেননি উইলসন।
বল ব্যাট ছুঁয়েছে কি না, তা স্নিকোমিটারের মাইক্রোফোনের মাধ্যমে নিশ্চিত হয়ে থাকেন আম্পায়ার। হটস্পট ব্যবহার করেও নিশ্চিত হতে পারেননি উইলসন।
চ্যানেল সেভেনকে এ নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, ‘সবচেয়ে বড় সিরিজটা খেলা হচ্ছে অথচ দুটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি নেই। (আউট নিয়ে) অস্ট্রেলিয়াকে নিশ্চিতই মনে হয়েছে। এমনকি রিপ্লে দেখানোর সময়ও খেলোয়াড়দের দেখে মনে হয়েছে, ব্যাটের নিচের কানা ছুঁয়ে (বলের) যাওয়াটা তারাও বিশ্বাস করে। প্যাট কামিন্স ও জস হ্যাজলউড আম্পায়ার পল রাইফেলের সঙ্গে কথা বলেছে। (ভিডিও রিপ্লে) খেয়াল করলে দেখবেন, ব্যাটের মাথায় একটা দাগ।’
অস্ট্রেলিয়ার এই সংবাদমাধ্যম জানিয়েছে, কুইন্সল্যান্ডে সীমানা নিয়ে কড়াকাড়ি থাকায় ব্রিসবেন টেস্টে স্নিকো নিয়ে আসা সম্ভব হয়নি। তবে স্নিকোমিটার থাকলে ম্যালান আউট হতেন কি না, তা প্রশ্নসাপেক্ষ। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট থেকে ডিআরএসে সব প্রযুক্তি পাওয়া যাবে বলে জানিয়েছে চ্যানেল সেভেন।
সংবাদমাধ্যমটির সম্প্রচারে অস্ট্রেলিয়ার সংবাদকর্মী অ্যালিসন মিচেল বলেন, ‘স্নিকো প্রযুক্তি অ্যাডিলেডে পাওয়া যাবে। সীমানায় কড়াকাড়ির জন্য এ ম্যাচে তা নিয়ে আসা সম্ভব হয়নি।’