অ্যাশেজে তাহলে 'স্লেজিং' থাকছে
‘স্লেজিং হবেই। তবে তা সীমার মধ্যে’—অ্যাশেজ খেলতে গত বৃহস্পতিবার ইংল্যান্ডে পা দিয়ে প্রথম সংবাদ সম্মেলনেই ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। স্বভাবতই প্রশ্ন উঠছে সেই সীমারেখা কত দূর? ক্রিকেটের নিয়মকানুনের প্রবক্তা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের নির্দেশনায় স্পষ্ট বলা আছে, ক্রিকেটের চেতনাবিরোধী কিছু করা যাবে না। প্রতিপক্ষকে সরাসরি অবমাননাকর কিছু বলাও বারণ।
কিন্তু তা কি সব ক্ষেত্রে মানা হয়? মানা হবে আগামী ১৮ জুলাই শুরু অ্যাশেজে? ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ধুন্ধুমার লড়াই দেখতে উন্মুখ ক্রিকেট বিশ্বে এসব প্রশ্ন আছে। গত রোববার ক্লার্কের ওই সংবাদ সম্মেলনের পর তো আরও বেশি। এই ক্লার্কই সর্বশেষ অ্যাশেজে জেমস অ্যান্ডারসন ব্যাট করতে নামার পর বলেছিলেন, ‘ভাঙা হাতের জন্য তৈরি হও।’
দুই দলের কথার লড়াইয়ে বাড়তি উত্তাপ ছড়িয়েছিল এ ঘটনা। পরে অবশ্য অস্ট্রেলিয়ান অধিনায়ক তাঁর বেফাঁস কথার জন্য দুঃখও প্রকাশ করেছিলেন। কিন্তু এ ঘটনাগুলো একটা বিষয় সামনে নিয়ে আসছে, কথার খোঁচায় প্রতিপক্ষকে উত্তেজিত করতে গিয়ে কখনো কখনো ক্রিকেটীয় চেতনার সীমানা অতিক্রম করা হয়। এবারও কি সে রকম কিছু হবে? কাল ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শের সংবাদ সম্মেলনে আবার প্রশ্নটা হলো। মার্শের কণ্ঠেও যেন ক্লার্কেরই প্রতিধ্বনি, ‘দেখুন, এটা অ্যাশেজ সিরিজ। এখানে দুই দলের পক্ষ থেকেই স্লেজিং হবে। আমি নিশ্চিত তা হবে ক্রিকেটীয় চেতনা মেনেই। মাঠে শরীরী আগ্রাসনটা দেখানোও জরুরি। অস্ট্রেলিয়ান ক্রিকেটের ধরনটাই এ রকম।’
স্লেজিংয়ে অস্ট্রেলিয়ানরা যেন চ্যাম্পিয়ন! বিশ্বকাপের ফাইনালেও তো ম্যাককালামদের দিকে কথার তির ছোড়ার কাজটা ভালোভাবেই করেছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা!
প্রশ্ন হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে কি স্লেজিং করতেই হবে? ইংল্যান্ড-নিউজিল্যান্ড সদ্য শেষ হওয়া টেস্ট ও ওয়ানডে সিরিজকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। দারুণ জমজমাট ক্রিকেট হয়েছে, ব্যাটে-বলে তীব্র লড়াইও। কিন্তু স্লেজিং নিয়ে এত মাতামাতি হয়নি। নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল এ উদাহরণ টেনেই বলেছেন, ‘ইংল্যান্ড-নিউজিল্যান্ড দুই দলের মধ্যে প্রতিপক্ষের জন্য সম্মান ছিল এবং তা রেখেই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। ভবিষ্যতেও এটা বদলাবে না।’
অস্ট্রেলিয়ানরা তাহলে স্লেজিংটাকে এত বড় করে দেখে কেন? বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ানদের স্লেজিংয়ের শিকার মার্টিন গাপটিল উত্তরটা ভালোই জানেন, ‘ওরা তো এ রকমই। ওদের বদলানো তো আর আমাদের কাজ নয়, নাকি?’ এএফপি।