অ্যাশেজে দিন-রাতের টেস্ট চান না পন্টিং

দিবা–রাত্রির টেস্ট নিয়ে অনেক কথা এখন চারদিকে। প্রায় সব টেস্ট খেলুড়ে দেশই গোলাপি বলে দিন–রাতের টেস্ট খেলতে আগ্রহী। তবে রিকি পন্টিং চান, অ্যাশেজে যেন এই দিন-রাতের টেস্ট বা গোলাপি বল প্রবেশ করতে না পারে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের এই চাওয়া, ‘আমি খুব বেশি ঐতিহ্যপন্থী। আমি চাই না কোনো ঐতিহ্য নষ্ট হয়ে যাক। অ্যাশেজ সিরিজে যেন কোনো দিন–রাতের টেস্ট না হয়, এই অনুরোধ থাকবে আমার। অনেক দেশ আছে, যে দেশগুলোতে টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে সেটা নতুন করে ঢেলে সাজানো হয়তো দরকার। কিন্তু অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট লড়াই এমনিতেই যথেষ্ট ঐতিহ্যবাহী ও জনপ্রিয়। এই ঐতিহ্যবাহী সিরিজে নতুন করে বাড়তি রং মাখানোর দরকার নেই।’
পন্টিং এই মুহূর্তে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে আছেন ব্যাটিং পরামর্শক হিসেবে। সম্প্রতি মুম্বাইয়ে শেন বন্ড ও জন্টি রোডসকে নিয়ে একটি ক্রিকেট কোচিং ক্লিনিকে কাজও করেছেন। সেই আয়োজনের এক ফাঁকেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিন–রাতের টেস্ট আয়োজন নিয়ে এ কথা বলেন পন্টিং। সেখানেই জানান, ভবিষ্যৎ কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে ভাবতে পারে ভারত, ‘সে খুবই অভিজ্ঞ। তিন ফরম্যাটেই তাঁর জ্ঞান অগাধ। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ভেবে থাকে তার কথা, তাহলে ভারতের কোচ হিসেবে দ্রাবিড় হবে সেরা পছন্দ।’ সূত্র : ডিএনএ।