অ্যাশেজে ফাওয়াদ-ভোজেস

বয়স ৩৫ হতে হতে ক্যারিয়ার শেষ হয়ে যায় বেশির ভাগ ক্রিকেটারের। এই উপমহাদেশের অনেক ক্রিকেটার এই বয়সে হয়ে পড়েন বিস্মৃতপ্রায় নাম। কিন্তু দলটির নাম যখন অস্ট্রেলিয়া, বয়স সেখানে আক্ষরিক অর্থেই একটি সংখ্যা। পারফরম্যান্সই মুখ্য। অস্ট্রেলিয়ান ক্রিকেটের চিরসত্যটিকে আরও একবার প্রতিষ্ঠিত করলেন অ্যাডাম ভোজেস। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর ও জুলাইয়ে অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এই দুই সফরের কোনো এক ম্যাচে টেস্ট ক্যাপ মাথায় তুললেও ভোজেসের বয়স হবে তত দিনে ৩৬ ছুঁই ছুঁই!
১৭ সদস্যের দলের আরেক উল্লেখযোগ্য নাম যিনি, তিনিও পেরিয়ে গেছেন ৩৩। অস্ট্রেলিয়ার নাগরিকত্বই পেয়েছেন মাত্র বছর দুয়েক আগে। ২০১০ সালে তালেবানদের হুমকিতে পালিয়ে এসেছিলেন পাকিস্তান থেকে। হন্যে হয়ে একজন ভালো মানের স্পিনার খুঁজতে থাকা অস্ট্রেলিয়া তড়িঘড়ি করে তাঁকে নাগরিকত্ব দিয়েছিল ২০১৩ অ্যাশেজ খেলানোর জন্য। যদিও শেষ পর্যন্ত ওই অ্যাশেজে সুযোগ পাননি। পরে ছন্দ হারিয়ে ফেলায় সুযোগ পাননি গত অ্যাশেজেও। অবশেষে এবার শেফিল্ড শিল্ডের দুর্দান্ত পারফরম্যান্সে খুলে গেল টেস্ট দলের দরজা। পাকিস্তানি ফাওয়াদ আহমেদ এখন অস্ট্রেলিয়ার মর্যাদাসম্পন্ন ব্যাগি গ্রিন মাথায় তোলার অপেক্ষায়!
দুজনের কারও ডাক পাওয়াই অবশ্য সে অর্থে চমক নয়। দুজনেরই ঘরোয়া মৌসুম কেটেছে দুর্দান্ত, বয়স তো কখনোই বাধা নয় অস্ট্রেলিয়ায়। শেফিল্ড শিল্ডে এবার ১১ ম্যাচে ৬ সেঞ্চুরিতে ১০৪.৪৬ গড়ে ১ হাজার ৩৫৮ রান করেছেন ভোজেস। তবে প্রধান নির্বাচক রডনি মার্শ জানালেন, রান সংখ্যাই ভোজেসকে নেওয়ার একমাত্র কারণ নয়, ‘এই মৌসুমে ওর চার-পাঁচটি ম্যাচ আমি দেখেছি। প্রতিবারই মনে হয়েছে, এই ছেলেকে কীভাবে আউট করা সম্ভব! এতটাই দুর্দান্ত খেলেছে সে। দীর্ঘ ক্রিকেট জীবনে শেফিল্ড শিল্ডে খুব ভালো খেলতে দেখেছি যতজনকে, অ্যাডাম কারও চেয়েই কম ছিল না এবার। প্রচুর রান করেছে এবং রানগুলো যেভাবে করেছে, সেটাই বলে দিয়েছে সে টেস্ট ব্যাটসম্যান। মার্ক ওয়াহ ও ট্রেভর হন্স (অন্য দুই নির্বাচক) ওর ব্যাটিং দেখেছে এবার। সবগুলো ঘরোয়া দলের কোচ, সব দলের ম্যানেজার, সবাই ওকে নিয়ে একই কথা বলেছে। এতগুলো লোকের চোখ ভুল করতে পারে না।’
লেগ স্পিনার ফাওয়াদ ১১ ম্যাচে ৪৮ উইকেট নিয়ে শেফিল্ড শিল্ডে এবার সর্বোচ্চ উইকেট শিকারি। ফাইনালে নিয়েছেন ইনিংসে ৮ উইকেট। নাথান লায়নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকবেন তিনি। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ম্যাথু ওয়েডকে টপকে সুযোগ পেয়েছেন পিটার নেভিল। নিউ সাউথ ওয়েলসের কিপার শিল্ডে এবার ৭৬.৪০ গড়ে করেছেন ৭৬৪ রান। ভোজেসকে জায়গা দিতে বাদ পড়েছেন সবশেষ টেস্টে জোড়া ফিফটি করা জো বার্নস। টেস্ট দলে জায়গা হয়নি দুই বিশ্বকাপজয়ী জেমস ফকনার ও গ্লেন ম্যাক্সওয়েলের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ক্যারিবিয়ানে যাচ্ছেন না রায়ান হ্যারিস, তবে খেলবেন অ্যাশেজে।
দল ঘোষণার পাশাপাশি কাল কেন্দ্রীয় চুক্তিও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ১৯ জনে জায়গা হয়নি পেসার পিটার সিডলের, তবে জায়গা ধরে রেখেছেন দলে। চোটের কারণে ফেরা হয়নি জেমস প্যাটিনসনের। এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড
মাইকেল ক্লার্ক (অধিনায়ক), স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), ফাওয়াদ আহমেদ, ব্র্যাড হাডিন, জশ হ্যাজলউড, রায়ান হ্যারিস (শুধু অ্যাশেজ), মিচেল জনসন, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, পিটার নেভিল, ক্রিস রজার্স, পিটার সিডল, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।