অ্যাশেজে 'ঢুস-কাণ্ড'!

ব্রিসবেনে আরও একটি দুর্দান্ত জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজে ১-০-তে এগিয়ে গেলেও মাঠের এই জয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে জনি বেয়ারস্টো ও ক্যামেরন ব্যানক্রফটের মধ্যকার একটি ঘটনা। প্রায় এক মাস আগে পার্থের এক পানশালায় নাকি ব্যানক্রফটকে ‘ঢুস’ মেরেছিলেন বেয়ারস্টো। যদিও সংশ্লিষ্ট দুই ক্রিকেটারের দাবি, এই ঘটনায় কোনো ‘হিংসা’ বা ‘ঘৃণা’র অস্তিত্ব ছিল না। নিতান্তই মজা করে ব্যানক্রফটকে ঢুস মারার একটা ভঙ্গি করেছিলেন বেয়ারস্টো।
অ্যাশেজের প্রস্তুতি নিতে এক মাস আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিল জো রুটের দল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে একই পানশালায় সময় কাটাতে গিয়েছিলেন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেখানে ব্যানক্রফটকে দেখে তাঁকে ‘স্বাগত’ জানাতেই নাকি ঢুস মারার মতো ভঙ্গি করেছিলেন তিনি। এ নিয়ে কোনো অভিযোগ করেননি ব্যানক্রফট। বলেছেন, এই ঘটনায় হিংসা বা আক্রমণ ছিল না। তবে ব্যানক্রফটের কাছে ব্যাপারটা নাকি বেশ অদ্ভুত মনে হয়েছিল।
ব্যানক্রফট আর বেয়ারস্টো সেই রাতে ভালোই আড্ডা দিয়েছেন। ম্যাচ শেষে এই ওপেনার বলেছেন, ‘সে এমন জোরে মেরেছিল যে এটাকে একটু অদ্ভুতই মনে হবে। সে সময়ই সে ক্ষমা চেয়েছিল, আমিও ব্যাপারটা ভুলে গেছি।’ কিছুটা রসিকতা করেই ব্যানক্রফট বলেছেন, ‘সে আমাকে ঢুস মেরে ফেলে দিতে পারেনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্কোয়াডে আমার মাথাই সবচেয়ে ভারী।’
তবে বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না ইংলিশ কোচ ট্রেভর বেইলিস। তিনি বলেছেন, ‘হতাশার ব্যাপার হলো, আমরা ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের আরও অনেক চালাক হতে হবে, সে জন্য যদি পান করা বাদ দিতে হয়, তা-ই সই।’
একদিক থেকে ঠিকই বলেছেন কোচ। প্রথম টেস্টে বেয়ারস্টো ব্যাট করতে নামার সময়ই মাঠে এই বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। স্লেজিংয়ে সিদ্ধহস্ত অস্ট্রেলিয়ানরা বেয়ারস্টোর মনোযোগ নষ্ট করে তাঁকে দ্রুতই আউট করেছেন। স্টাম্প মাইকে এসব কথা থেকেই ‘ঢুস মারামারি’র ঘটনা ধরা পড়েছে। সিরিজজুড়ে যে অস্ট্রেলীয় ফিল্ডাররা এই ব্যাপার নিজ দায়িত্বে বেয়ারস্টোকে মনে করিয়ে দেবেন, তা তো জানাই। অ্যাশেজে কথার লড়াই চালানোর ভালো ‘অছিলা’ পেয়ে গেল স্লেজিংয়ে পটু অস্ট্রেলীয়রা।
তবে গুঞ্জন থাকছেই। এমনিতেই বেন স্টোকসের মারামারির ঘটনায় ইংলিশ ক্রিকেট বেশ নাজুক অবস্থায় আছে। এরপর ‘ব্রিস্টল কেলেঙ্কারির’ আরেক নায়ক বেয়ারস্টো যদি অস্ট্রেলিয়ায় এসেও মারামারি করে খবরের শিরোনাম হন, তা সফরকারীদের জন্য মোটেও ভালো সুখকর নয়। এ জন্যই হয়তো কোচের অমন সতর্কবাণী উচ্চারণ। ব্রিটিশ মিডিয়া অবশ্য এটিকে অস্ট্রেলিয়ানদের অ্যাশেজ বাগানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে। সূত্র: বিবিসি স্পোর্টস, স্পোর্টিং নিউজ, ক্রিকইনফো।