অ্যাশেজের আগে ইংল্যান্ড চায় সমঝোতা
‘চাই নতুন সমঝোতা স্মারক (এমওইউ), না হলে আমরা নেই।’ এত দিন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মুখেই এই দাবি শোনা গেছে। কাল দাবিটা উঠল সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকেও। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বলেছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এমওইউ স্বাক্ষর না করলে, ঝামেলা না মিটলে ইংল্যান্ড অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া যাবে না। ইসিবির এক মুখপাত্র খবরটা নিশ্চিত করেছেন ইএসপিএন-ক্রিকইনফোকে।
অ্যাশেজে শুরুর তারিখ ২৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার উদ্দেশে ইংল্যান্ডের বিমানে চড়ার কথা অক্টোবরের শেষ নাগাদ। ইসিবির ওই মুখপাত্র বলেছেন, টেস্ট সিরিজের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ম্যাচ পাওয়ার নিশ্চয়তা না পেলে তারা বিমানে উঠবে না। তবে ওই মুখপাত্রই আবার বলেছেন, ইসিবি এখনো মনে করে অ্যাশেজ সময়মতোই শুরু হবে। অ্যাশেজ বাতিল হওয়াকে এখনো ‘অচিন্তনীয়’ মনে করছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
ক্রিকেটারদের দাবির মুখে নতুন আর্থিক কাঠামো নিয়ে ঘোর সংকটে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নতুন চুক্তিতে স্বাক্ষর না করে এ মাসের শুরু থেকেই বেকার হয়ে পড়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দল বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা সফর। শঙ্কার কালো মেঘ অস্ট্রেলিয়ার বাংলাদেশ ও ভারত সফর এবং পরবর্তী অ্যাশেজ সিরিজ ঘিরে।
গত মে মাসেই অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার হুমকি দিয়ে রেখেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া সম্ভবত অ্যাশেজের জন্য দল গঠন করতে পারবে না। তবে এতসব প্রতিকূলতার মধ্যেও অ্যাশেজের সম্প্রচার সংস্থা চ্যানেল নাইন সিরিজের জন্য বিজ্ঞাপন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। ঝামেলা যাতে দ্রুতই মিটে যায় সেই দিকেও চোখ রাখছে টেলিভিশন চ্যানেলটি।
ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় যাবে কি যাবে না, তা জানা যাবে অক্টোবরের মাঝামাঝি। ওই সময়ে ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাওয়ার কথা। ওই সময়ও যদি সিএ ও ক্রিকেটারদের সমঝোতা না হয় ইসিবি নারী-পুরুষ দুই দলের সফরই বাতিল করতে পারে।
ইসিবির এই পরিকল্পনা নিয়ে আপাতত ভাবছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাশেজ নিয়ে কোনো অনিশ্চয়তাও দেখছে না। বোর্ডের এক মুখপাত্র কাল বলেছেন, ‘আমরা ১০০ ভাগ নিশ্চিত অ্যাশেজ হবেই।’ ক্রিকইনফো।