অ্যাশেজের উইকেট তৈরিতে গাঁজা চাষের উপকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এজবাস্টনের উইকেটে ব্যবহার হচ্ছে হট ল্যাম্প—যা গাঁজা চাষের অন্যতম উপকরণ।  ছবি: মেইল অনলাইন
এজবাস্টনের উইকেটে ব্যবহার হচ্ছে হট ল্যাম্প—যা গাঁজা চাষের অন্যতম উপকরণ। ছবি: মেইল অনলাইন

অ্যাশেজের উইকেট নিয়ে চলছে এন্তার সমালোচনা-বিতর্ক। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে ইংলিশ ক্রিকেট বোর্ড নাকি পুরো বিষয়টি নিয়েই বিভ্রান্তির মধ্যে। অস্ট্রেলিয়াকে ঠেকাতে কেমন উইকেট তৈরি করতে হবে—এই ব্যাপারটাই নাকি মাথায় আসছে না কারওর। এজবাস্টনে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের উইকেট তৈরি ও পরিচর্যায় নাকি উপায়ন্তর না দেখে আশ্রয় নেওয়া হয়েছে গাঁজা চাষের বিশেষ পদ্ধতির!
ওয়ারউইকশায়ারের প্রধান কিউরেটর গ্যারি বারওয়েলের মস্তিষ্কপ্রসূত বিষয় এটি। গাঁজা চাষের জন্য ব্যবহৃত এক ধরনের বিশেষ আলোকসম্পাত পদ্ধতি ব্যবহার করেই উইকেটের গতি ও বাউন্সে সমন্বয় করা হচ্ছে। হট ল্যাম্প নামে পরিচিত এই বিশেষ ‘ল্যাম্প’ এজবাস্টনে এনে উইকেটে আলোকসম্পাত করা হচ্ছে এমন ছবি প্রকাশ করেছে মেইলসহ ইংল্যান্ডের বেশ কয়েকটি পত্রিকা।
গাঁজা চাষের জন্য ব্যবহৃত এই বিশেষ ল্যাম্প নাকি জোগাড় করা হয়েছে স্থানীয় পুলিশ বিভাগের কাছ থেকে। ইংল্যান্ডে নিষিদ্ধ গাঁজা চাষ ঠেকাতে অনেক সময় পুলিশের জব্দ করা ল্যাম্প দিয়েই আপাতত কাজ চালান হচ্ছে। এই পদ্ধতি সফল হলে পরে উইকেট তৈরির জন্য স্বতন্ত্র হট ল্যাম্প না হয় তৈরি করেই নেওয়া যাবে।
ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ার অবশ্য এই পদ্ধতি আগে থেকেই ব্যবহার করে। উইকেটে পেস ও বাউন্সের সমন্বয় আনতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। গ্যারি বারওয়েল এবার এটা নিয়ে আসছেন আন্তর্জাতিক ক্রিকেটে।
এই হট ল্যাম্প ব্যবহার করা হচ্ছে কেন? আলো ব্যবহারে পিচ শুকিয়ে খটখটে হয়ে যায়। তখন উইকেট বাউন্সি হয়, একটু পুরোনো হয়ে গেলে তা স্পিন বোলিংকে সহায়তা করে। গত সপ্তাহে বৃষ্টির কারণে স্যাঁতসেঁতে উইকেট ও আউটফিল্ডকে শুকিয়ে ফেলতে এই পদ্ধতির বাইরে বিকল্প অবশ্য খুব বেশি একটা ছিল না।
এবারের অ্যাশেজে প্রথম দুটো টেস্টেই উইকেট নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। কার্ডিফের উইকেট ছিল প্রচণ্ড ধীরগতির। সেখানে মিচেল স্টার্কের মতো বোলারের বলও একাধিক বাউন্সে উইকেটের পেছনে গেছে। লর্ডস টেস্টে বোলিং করাটা ছিল পৃথিবীর কঠিন কাজগুলোর একটি। লর্ডসের গ্রাউন্ডসম্যান মিক হান্টের ক্যারিয়ারই তো হুমকির মুখে পড়ে গেছে এই টেস্টের পর। এজবাস্টনে নাকি ইংলিশ ক্রিকেট বোর্ডের পিচ পরিদর্শক ক্রিস উড স্বয়ং হাজির হয়ে গেছেন।