অ্যাশেজের চেয়েও পুরোনো যে স্কুল ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতবর্ষ পেরিয়ে যাওয়া ম্যাচটি নিয়ে এবার প্রকাশিত বিশেষ স্মারক গ্রন্থ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
শতবর্ষ পেরিয়ে যাওয়া ম্যাচটি নিয়ে এবার প্রকাশিত বিশেষ স্মারক গ্রন্থ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

• শ্রীলঙ্কায় একটি স্কুল ক্রিকেট ম্যাচের বয়স অ্যাশেজের চেয়েও বেশি।
• ‘ব্যাটল অব ব্লুজ’ নামে তিন দিনের এই দ্বৈরথের শুরু ১৮৭৯ সালে।
• এবার মাঠে গড়িয়েছে তার ১৩৯তম সংস্করণ।
• জরুরি অবস্থার মধ্যেই ম্যাচের প্রথম দিনে মাঠে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।


ত্রিদেশীয় সিরিজ চলছে শ্রীলঙ্কায়। কোথায় এ টুর্নামেন্ট নিয়ে সবাই মজে থাকবে তা না, লঙ্কানদের মন পড়ে আছে দুটি স্কুলের দ্বৈরথে!
শুনলে অবাক হবেন, ভারত-বাংলাদেশ ম্যাচের তুলনায় একটা স্কুল ক্রিকেট ম্যাচ বেশি গুরুত্ব পেয়েছে লঙ্কান সংবাদমাধ্যমে। আরও অবাক করা বিষয় হলো, শ্রীলঙ্কাজুড়ে জারি থাকা জরুরি অবস্থার মধ্যেই গতকাল সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) প্রায় ১৮ হাজার ক্রিকেটপ্রেমী জমায়েত হয়েছিলেন সেই স্কুল ক্রিকেট ম্যাচ দেখতে। ভারত-বাংলাদেশ ম্যাচও এত দর্শক কাড়তে পারেনি!
তাহলে সেই স্কুল ক্রিকেট ম্যাচের মধ্যে এমন কী আছে যে খোদ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে পর্যন্ত গতকাল ছুটে গিয়েছিলেন দেশটির সবচেয়ে পুরোনো ক্রিকেট স্টেডিয়ামে?
কলম্বোর রয়্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ১৮৩৫ সালে। ১৬ বছর পর সেন্ট টমাস কলেজের যাত্রা শুরু। শ্রীলঙ্কায় এ দুটি স্কুলের ঐতিহ্য অন্য রকম। দেশটির নানা পেশার অনেক সফল মানুষের শিক্ষাজীবন কেটেছে এ দুটি স্কুলে। রানিল বিক্রমাসিংহে যেমন রয়্যাল কলেজের ছাত্র ছিলেন। দেশটির ২৫০ সদস্যের পার্লামেন্টে ন্যূনতম ৫০ জনেরই এ দুটি স্কুলে লেখাপড়ার স্মৃতি রয়েছে।
পার্লামেন্টের সদস্যরা ছাড়াও নানা অঙ্গনের মানুষ গতকাল এসএসসি গ্রাউন্ডে পুনর্মিলনীর উৎসবে মেতেছিলেন স্কুল দুটির প্রাক্তন ছাত্র হিসেবে। আর এই পুনর্মিলনীর উপলক্ষ ছিল রয়্যাল-থমানিয়ান তিন দিনব্যাপী ক্রিকেট ম্যাচ, যার ঐতিহ্য অ্যাশেজের চেয়েও পুরোনো!
ক্রিকেটের কুলীন আসর অ্যাশেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৮৮২-৮৩ মৌসুমে। রয়্যাল-থমানিয়ান দ্বৈরথের শুরু ১৮৭৯ সালে। শতাব্দী পেরিয়ে গেলেও থামেনি এ দুটি স্কুলের ব্যাট-বলের লড়াই। দুটি স্কুলেরই পতাকায় নীল রঙের প্রাধান্য থাকায় দ্বৈরথটির ‘ব্যাটল অব ব্লুজ’ নামে খ্যাতি পেয়েছে। এবার সেই ‘নীলদের লড়াই’-এর ১৩৯তম সংস্করণে রয়্যাল কলেজকে সমর্থন দিতে ছুটে গিয়েছিলেন বিক্রমাসিংহে।
রয়্যাল-থমানিয়ান দ্বৈরথ বিশ্বের অন্যতম প্রাচীন স্কুল ক্রিকেট ম্যাচ হিসেবেও স্বীকৃতি পেয়েছে। শ্রীলঙ্কার অনেক খ্যাতনামা ক্রিকেটারও এ দুটি স্কুল থেকে উঠে আসায় খেলেছেন এই ঐতিহ্যবাহী ম্যাচ। ত্রিদেশীয় সিরিজে ভারতকে ছিঁড়েখুঁড়ে ফেলা কুশল পেরেরা পড়েছেন রয়্যাল কলেজে। সেন্ট টমাসে পড়েছেন শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক দিলীপ মেন্ডিস। এ ছাড়া রঞ্জন মাদুগালে, অশান্ত ডি মেল, কুশল সিলভা, জিহান মুবারক, জীবন মেন্ডিসরাও অংশ নিয়েছেন ‘ব্যাটল অব ব্লুজ’দের লড়াইয়ে। শ্রীলঙ্কায় স্কুলপড়ুয়াদের তিন দিনের ম্যাচ এই দ্বৈরথ দিয়েই শুরু।
ইংল্যান্ডে যেমন ইটন কলেজ-হ্যারো স্কুল, ভারতে দাদর-শিবাজি পার্ক, শ্রীলঙ্কায় তেমনি রয়্যাল-থমানিয়ান লড়াই। আয়োজকেরা এবার অবশ্য নতুন মাত্রা যোগ করেছেন। রয়্যাল-থমানিয়ান লড়াই সরাসরি টিভিতে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এসএসসি পার্কে যেসব সাবেক ছাত্র আসতে পারেননি, তাঁদের জন্যই এই ব্যবস্থা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে শ্রীলঙ্কা সফরে এসে এই ম্যাচ নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। আয়োজকেরা তাঁকে নিমন্ত্রণ করলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসতে পারেননি।
প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনীর আমেজ থাকলেও এই স্কুল ক্রিকেট ম্যাচ শ্রীলঙ্কায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে বলে জানান জুলকি হামিদ। রয়্যাল কলেজের হয়ে ‘ব্যালট অব ব্লুজ’-এর সাবেক এই সেনানী এখন আয়োজকদের একজন। তাঁর ভাষ্য, ‘এই ম্যাচটা সবার জন্যই বিশেষ কিছু। প্রাক্তন ছাত্ররা দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, এই তিন দিনে তাঁরা এসএসসিতে আসার চেষ্টা করেন। আমরা চাই, প্রাক্তনেরা এখানে এসে পুরোনো দিনগুলো মনে করুক। স্কুলের সেই পুরোনো বন্ধুদের সঙ্গে একবার দেখা হয়ে গেলে আপনি ভুলে যাবেন নিজের পেশা, সেটা হোক করপোরেট বস, রাজনীতিবিদ কিংবা আমলা।’
এই ম্যাচ ঘিরে এসএসসি গ্রাউন্ডে বেশ কয়েকটি তাঁবু খাটানো হয়। রয়্যাল ও থমানিয়ানদের সাবেক ছাত্রদের জন্য দুটি আলাদা জায়গা বরাদ্দ থাকে। একইভাবে স্কুল দুটির বর্তমান ছাত্রদের জন্যও দুটি আলাদা জায়গা দেওয়া হয়। আর এই ম্যাচের খ্যাতনামা সব ক্রিকেটারের জন্য ১০০ বছর ধরে সংরক্ষণ করা হচ্ছে বিশেষ স্ট্যান্ড—‘মাসটাং’।
শ্রীলঙ্কার হয়ে ৩০টি ওয়ানডে খেলা থিলিনা কান্দাম্বি এবার রয়্যালের কোচ। মাঠে প্রচুর বাদ্যিবাজনা থাকায় তাঁর শিষ্যদের মনঃসংযোগ ব্যাঘাত ঘটছিল। কান্দাম্বি তাই খেলোয়াড়দের বোঝাচ্ছিলেন, ‘বলটা দেখ, শুধু বল।’ তাঁর মতে, ম্যাচের প্রথম দুই দিনে অনেকেই ভালো করে কিন্তু তৃতীয় দিনে যাঁরা টিকে থাকে, তাঁরাই পরে নিখাদ ক্রিকেটার হিসেবে বেড়ে উঠেছে। আর এভাবেই আমরা পেয়ে যাই পরবর্তী পেরেরা কিংবা মেন্ডিসকে!