অ্যাশেজের ধাক্কায় জাইলসের পতন

অ্যাশলি জাইলসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সময়েই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়ার মতোই ইংল্যান্ডের ক্রিকেটে অ্যাশেজই শেষ কথা। সাফল্য–ব্যর্থতা মাপা হয় ঐতিহ্যবাহী এই সিরিজ দিয়ে। আর সেখানে ব্যর্থ হয়েছে অ্যাশলি জাইলসের ইংল্যান্ড। অ্যাশেজে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ইংলিশরা। প্রতিপক্ষের মাঠে ৪-০ ব্যবধানে হেরে গেছে। বৃষ্টি সাহায্য না করলে সেটা ধবলধোলাইয়ে রূপ নিতে পারত।


এমন ব্যর্থতার পর আর তাই টিকে থাকতে পারলেন না সাবেক বাঁহাতি স্পিনার। ইংল্যান্ডের পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাইলস। তিন বছর দায়িত্ব পালন করে সরে যেতে হলো তাঁকে।

জাইলস সরে দাঁড়ানোর পর আবারও ইংলিশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে অ্যান্ড্রু স্ট্রাউসকে। সাবেক অধিনায়ক অন্তর্বর্তীকালের জন্য দায়িত্ব বুঝে নিয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, ‘এই শীতে ছেলেদের অ্যাশেজে হতাশাজনক পারফরম্যান্সের পর আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন টেস্ট দল সাফল্য পায়।’

অ্যাশেজে হতাশা উপহার দিয়েছে ইংল্যান্ড
ফাইল ছবি: এএফপি

জাইলসের অধীনে অধরা বিশ্বকাপের দেখা মিললেও টেস্ট ক্রিকেটে ভালো করেনি ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। নিজের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল দলটি। ভারতের মাটিতে হেরেছে। সাদা বলেই বেশি মনোযোগ ছিল জাইলসের। অ্যাশেজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন ক্ষেত্রেই দুর্বলতা ফুটে ওঠায় দেশটির ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়েই প্রশ্ন উঠছে।

জাইলস অবশ্য নিজের অর্জন নিয়ে তৃপ্ত, ‘গত কয়েক বছর খুব চ্যালেঞ্জিং ছিল এবং কঠিনতম পরিস্থিতিতে যা অর্জন করেছি, তাতে গর্বিত। এটা নিশ্চিতভাবেই ইংল্যান্ড ও ওয়েলশের ভবিষ্যৎ সুদৃঢ় করেছে।’ আগামী কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান সাবেক ক্রিকেটার।