অ্যাশেজের মাঠেও থাকল বাংলাদেশ, অস্ট্রেলিয়া–ইংল্যান্ড কী ভাবছে
ব্যাপারটি কি ট্রান্স-তাসমান দ্বৈরথ নাকি অ্যাশেজে ধুঁকতে থাকা ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য অনুপ্রেরণা! ব্যাপার যা-ই হোক, আজ অ্যাশেজের বৃষ্টিবিঘ্নিত টেস্টে সিডনির মাঠে ‘বাংলাদেশ’ এল দারুণভাবেই। বৃষ্টিতে খেলা বন্ধ থাকার একপর্যায়ে সিডনি ক্রিকেট মাঠের জায়ান্ট স্ক্রিনে বলা হলো মাউন্ট মঙ্গানুইয়ের গল্প। তর্কযোগ্যভাবে ক্রিকেট ইতিহাসের বড় এক ঘটনারই যে জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। হারিয়ে দিয়েছে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে।
অনেকেই বলছেন, নিউজিল্যান্ড হেরেছে বলেই অস্ট্রেলিয়া সেই সংবাদ সবাইকে জানানোর দায়িত্ব অনুভব করেছে। আবার অনেকের চোখে, ইংলিশ ক্রিকেট দলও জায়ান্ট স্ক্রিনে বাংলাদেশের এ অসাধারণ জয়ের স্কোরকার্ড দেখে অনুপ্রাণিত হতে পারে। ‘ঘুরে দাঁড়ানো’র গল্পই যে মাউন্ট মঙ্গানুইতে লিখেছে বাংলাদেশ। দিনের পর দিন বাজে খেলতে খেলতে হঠাৎ নিজেদের ফিরে পাওয়ারই কাহিনি সেটি। অ্যাশেজ সিরিজে টানা তিন টেস্টে হারা ইংল্যান্ডের যে এ ধরনের অনুপ্রেরণার বড্ড বেশি প্রয়োজন।
সিডনি মাঠে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের স্কোরকার্ড দর্শকদের মধ্যে আরও একটা আলোচনার জন্ম দিতে পারে—অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ কবে টেস্ট খেলেছিল বাংলাদেশ? হিসাব বলছে, ২০০৩ সালে অপ্রচলিত ভেন্যু ডারউইন আর কেয়ার্নসে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার তাদের মাটিতে খেলেছিল বাংলাদেশ। এরপর ১৯ বছর হতে চলল, অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি।
বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া অবশ্য এর মধ্যে দুটি টেস্ট সিরিজ খেলছে—২০০৬ ও ২০১৭ সালে। ২০০৬ সালে ফতুল্লায় রিকি পন্টিং বাধা হয়ে না দাঁড়ালে হয়তো তখনই অন্য রকম এক ইতিহাস লিখে ফেলত বাংলাদেশ। তার ১১ বছর পর ২০১৭ সালে এসে অবশ্য আর অস্ট্রেলিয়ার কেউ ‘পন্টিং’ হতে পারেননি, ইতিহাস লেখে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারায় টেস্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে এ বিজয়ের পর নতুন করে প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশকে অস্ট্রেলিয়া কবে ডাকবে টেস্ট খেলতে!
অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডও প্রায় একই পথে হেঁটেছে। টেস্ট মর্যাদা পাওয়ার পর ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ টেস্ট খেলতে গেছে মাত্র দুবার—২০০৫ ও ২০১০ সালে। ইংল্যান্ডও দুবার টেস্ট খেলতে এসেছে বাংলাদেশে—২০০৩ ও ২০১৬ সালে। শেষবার তো মিরপুরে হারের মুখে পড়তে হয়েছে তাদেরও।
গত পাঁচ বছরে তিনবার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ। ক্রিকেট লিখিয়ে মাজহার আরশাদ এটিকে বলছেন, দারুণ এক উদাহরণ। এটি বাংলাদেশের মতো দলের জন্য কতটা ‘ভালো’ হয়েছে, সেটির ব্যাখ্যাও দিয়েছেন নিজের টুইটারে, ‘একটা বড় দল যদি তুলনামূলক একটা ছোট দলের বিপক্ষে বারবার খেলতে থাকে, তাহলে ছোট দলের উন্নতি হবেই। আর সেটি হবে ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। বাংলাদেশের জয় এটির খুব ভালো একটা উদাহরণ।’
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কি কখনো এভাবে ভেবেছে?