অ্যাশেজ-নির্ধারক পাঁচ
ওভালে সিরিজের শেষ টেস্টটিকে আনুষ্ঠানিকতা বানিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার করা নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া হঠাৎই এমন ‘সাধারণ দল’ হয়ে যাওয়ার রহস্যটা কী? বার্তা সংস্থা এএফপির বেছে নেওয়া পাঁচটি মুহূর্ত, যা গড়ে দিয়েছে অ্যাশেজের ভাগ্য—

১. হ্যারিসের অবসর
নিয়ন্ত্রণ ও উইকেট নেওয়া দুই ক্ষেত্রেই দুর্দান্ত ছিলেন রায়ান হ্যারিস। গত পাঁচ বছরে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সফলতম বোলার তিনি (সেরা মিচেল জনসন)। কার্ডিফে সিরিজের প্রথম টেস্ট শুরুর সপ্তাহ খানেক আগে হাঁটুর চোটের কারণে সেই রায়ান হ্যারিস ক্রিকেটকেই বিদায় বলে দেন! চোটের সমস্যার কারণে পুরো সিরিজটা হয়তো এমনিতেই খেলতে পারতেন না। কিন্তু একটা-দুটো টেস্টে খেললে সেটাই খুব কাজে দিত অস্ট্রেলিয়ার। হ্যারিসকে হারানোটা নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার জন্য বড় এক ধাক্কা।

২. রুটের ক্যাচ ছাড়লেন হাডিন
কার্ডিফে প্রথম দিন ১৫তম ওভারের খেলা চলছে। ইংল্যান্ড ততক্ষণে ৩ উইকেটে ৪৩। সেটা ৪ উইকেটে ৪৩ হয়ে যেতে পারত, যদি মিচেল স্টার্কের বলে জো রুটের ক্যাচটা ধরতে পারতেন ব্র্যাড হাডিন। স্কোরবোর্ডে রুটের নামের পাশে তখনো কোনো রান নেই। কিন্তু ডান দিকে ঝাঁপিয়েও ব্যর্থ হলেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার। শূন্য রানে যাঁর আউট হয়ে যাওয়ার কথা ছিল, সেই রুট করলেন ১৬৬ বলে ১৩৪ রান। ইংল্যান্ড জেতার পর ওই টেস্টের ম্যান অব দ্য ম্যাচও কিন্তু রুটই।

৩. বেলিসের পিচ পরামর্শ
সিরিজ শুরুর আগেই উইকেট কেমন হবে, এ নিয়ে অনেক কথাবার্তা চলছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল, অস্ট্রেলিয়ান পেস আক্রমণের ধার কমিয়ে দিতে ইংল্যান্ড মন্থর উইকেটে খেলবে। কার্ডিফে প্রথম টেস্টের পর লর্ডসে সে রকম উইকেটে খেলাও হলো। আর ওই টেস্টেই ইংল্যান্ড হারল ৪০৫ রানের বিশাল ব্যবধানে। যেটির পর ইংল্যান্ডের অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেলিস পরামর্শ দিলেন, ঐতিহ্যগতভাবে ইংল্যান্ডে যেমন সিমিং উইকেট হয়, অমন উইকেটই বানানো উচিত। এজবাস্টনে তৃতীয় টেস্টে তেমন উইকেটই হলো, জিতল ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে পরের টেস্টও দেখল যেটির পুনরাবৃত্তি।

৪. টসে হারই সৌভাগ্য
এজবাস্টনে দুই অধিনায়কই বলেছিলেন, টসে জিতলে ব্যাট করতেন। মাইকেল ক্লার্ক টসে জিতলেন এবং ব্যাটিংও নিলেন। কিন্তু টসে হারটাই সৌভাগ্য হয়ে এল ইংল্যান্ডের জন্য। কন্ডিশনের কারণে জেমস অ্যান্ডারসনের (৬/৪৭) সুইং হয়ে উঠল আরও বিষাক্ত। অস্ট্রেলিয়াও সেই বিষেই শেষ হয়ে গেল মাত্র ১৩৬ রানে। প্রথম ইনিংসের এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ক্লার্কের দল। পরে যা হয়ে গেল সিরিজ নির্ধারক।

৫. ব্রড ভয়ংকর!
এজবাস্টনে অমন দুর্দান্ত পারফরম্যান্সের পর চোটের কারণে ট্রেন্ট ব্রিজ টেস্ট থেকে ছিটকে পড়লেন অ্যান্ডারসন। তাঁর অভাব কীভাবে পূরণ করা হবে, টেস্ট শুরুর আগে এটা নিয়েই চিন্তিত ছিল ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রড একাই সেই দুশ্চিন্তা দূর করে দিলেন। প্রথম ইনিংসে ১৫ রানে ৮ উইকেট, নিজের মাঠে ব্রডের ক্যারিয়ার-সেরা বোলিং অস্ট্রেলিয়াকে দুঃস্বপ্নই উপহার দিল! ৬০ রানে ক্লার্কের দল অলআউট হয়ে যাওয়ার পর দেখার ছিল একটাই—ইংল্যান্ডের জয়ের ব্যবধানটা কত হয়।