আঁঁচড় পড়েছে মাশরাফিদের আত্মবিশ্বাসে?

গত আট মাসে কী দুর্দান্ত সময়টা না কাটাল বাংলাদেশ। রীতমত বিশ্ব ক্রিকেটকেই কাঁপিয়ে দিলেন মাশরাফি-সাকিবরা। একের পর এক শোনা গেল তীব্র ব্যাঘ্র গর্জন! ভারত-পাকিস্তানের মতো দলকে দিল সিরিজ পরাজয়ের লজ্জা। জয়ের নেশা যেন পেয়ে বসেছিল মাশরাফিদের!
ঘরের মাঠে টানা তিনটা সিরিজ জিতে মাশরাফিদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। মাত্র কদিনের ব্যবধানে বাংলাদেশের জয়রথ যেন বাস্তবের মাটি ছুঁল। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে হার। এরপর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজও হার। আজ প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেও পরাজয়ের হতাশা। তবে কি মাশরাফিদের উত্তঙ্গু আত্মবিশ্বাসটা টলে গেল?
মাশরাফি বিন মুর্তজা স্বীকার করে নিলেন, এমন টানা চার হারে আত্মবিশ্বাসে ধাক্কা লাগবেই। সেটাই বরং স্বাভাবিক। তবে ঘুরে দাঁড়ানোর মানসিকতাও থাকতে হবে সবার। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘যখন কোনো দল টানা হারবে, একটু ব্যাকফুটে চলে যেতে হয়। তবে এখানে ঘুরে দাঁড়ানোর মানসিকতা রাখাটা গুরুত্বপূর্ণ। আমরা যে সব বিভাগেই খারাপ খেলেছি, তা নয়। কিছু জায়গায় খুব বাজে খেলছি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারছি না। এসব ভুলগুলো শুধরে ফেলতে পারলে, আশা করি ভালো করতে পারব। টি-টোয়েন্টি সিরিজে এবং আজও ভালো কিছু সুযোগ ছিল আমাদের। দেখেছেন শেষ উইকেটে নাসির ১৬০ রানে নিয়ে গেছে। তখন আরও ব্যাটসম্যান থাকলে অন্তত ২০০/২২০ রান হতো। আর সেটা হলে আরও ভালো আক্রমণের সুযোগ থাকত। আমরা সে সুযোগটা কাজে লাগাতে পারিনি।’
বাংলাদেশ সেই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত টানা ক্রিকেট খেলছে। ফুরসতের খুব একটা সময় মেলেনি খেলোয়াড়দের। এমন ব্যস্ত সূচির অভিজ্ঞতা বাংলাদেশের খেলোয়াড়দের কমই আছে। তবে কি ক্লান্তি ছুঁয়ে বসল মাশরাফিদের? অধিনায়ক অবশ্য একে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ, ‘টানা ক্রিকেটের কথা বললে আসলে অজুহাত হয়ে যাবে। আগ থেকেই তো জানতাম আমাদের সূচিটা এমন। প্রত্যেককে ওভাবেই তৈরি থাকা উচিত। এও ঠিক, আমরা এমন টানা সূচিতে আগে তেমন খেলিনি। সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তবে সেটা এ পর্যায়ে কেবল অজুহাতই হতে পারে।