আইএস-সন্দেহভাজন অধিনায়ক ছিলেন ইতালি দলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালি থেকে ‘সন্ত্রাসী-সন্দেহে’ বহিষ্কৃত হয়েছেন এক পাকিস্তানি নাগরিক।
ইতালি থেকে ‘সন্ত্রাসী-সন্দেহে’ বহিষ্কৃত হয়েছেন এক পাকিস্তানি নাগরিক।

সম্প্রতি ইতালি থেকে ‘সন্ত্রাসী সন্দেহে’ বহিষ্কৃত হয়েছেন এক পাকিস্তানি নাগরিক। তিনি একসময় ইতালির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বলেন জানা গেছে। আফতাব ফারুক নামের ওই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে আইএসের নামে ইতালিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ উঠলে তাঁকে ইতালি থেকে বের করে দেওয়া হয়।
ইতালির জনপ্রিয় ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্তোর সাপ্তাহিক ফিচার পাতা স্পোর্তউইকে ২০০৯ সালে আফতাবের একটি ছবি ছাপা হয়। ছবিটি ছিল ইতালির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। সেখানে আফতাবের গায়ে ছিল ইতালির জাতীয় যুব দলের জার্সি।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো জানিয়েছেন, বহিষ্কৃত এই পাকিস্তানির বিপক্ষে ইতালিতে উগ্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নামে সন্ত্রাসের পরিকল্পনা করার প্রমাণ পাওয়া গেছে। আফতাবের একটি টেলিফোন–আলাপে আড়ি পেতে জানা যায়, মিলানের কোনো ওয়াইনের দোকান কিংবা উত্তর ইতালির বারগামো বিমানবন্দরে সন্ত্রাসী হামলা স্বয়ংক্রিয় কালাশনিকভ রাইফেল দিয়ে করা হবে, নাকি বোমা পেতে, এ নিয়ে আফতাব কারও সঙ্গে কথা বলছিলেন। এই আফতাব সিরিয়াতে গিয়ে আইএসে যোগ দেওয়ার পরিকল্পনাও করছিলেন।

পরিবারের হাত ধরে ১৩ বছর বয়সে ইতালিতে পা রাখেন আফতাব। ক্রিকেটের পাশাপাশি একটি ওয়্যারহাউস চাকরি করতেন তিনি। ২০০৯ সালে ইতালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। মিলানের কাছে ভ্যাপরিও ডি’আদ্দা নামের একটি শহরতলিতে থাকতেন তিনি।
ক্রিকেট সংগঠক হিসেবে আফতাবের ‘অভিভাবক’ হিসেবে পরিচিত ছিলেন কিংসগ্রোভ মিলানো ক্রিকেট ক্লাবের সভাপতি ফ্যাবিও মারাবিনি। তিনি বিষয়টিতে একধরনের বিস্ময়ই প্রকাশ করেছেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না। খবরটা আমার কাছে রীতিমতো বজ্রপাতের মতোই।’ সূত্র: গেজেত্তা দেল্লা স্পোর্তো।