আইনে বদল চান কিউই কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন অবিশ্বাস্য ব্যাপার অনেক দিন দেখিনি!’
নিউজিল্যান্ডের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান স্মিথের কণ্ঠেই এমন অবিশ্বাস! তাহলে নিল ওয়াগনারের অনুভূতি কেমন ছিল? বল স্টাম্পে লাগার আগে ক্রিজে ব্যাট রেখেও যে রান আউট হতে হলো নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে!
ঘটনাটা ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিন সকালের। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৯ উইকেট চলে গেছে। দুই রান নিতে গিয়ে ঠিক সময়েই ক্রিজে ফেরত এসেছিলেন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ওয়াগনার। ব্যাট ক্রিজের ভেতরেও রেখেছিলেন। সেটি স্লাইড করে নিয়ে গেলেই আর কোনো ঝামেলা পড়তে হতো না তাঁকে। কিন্তু দৌড়ের গতির মধ্যে শরীরের ভারসাম্য ঠিক রাখতে গিয়ে ব্যাট উঠে গেল ওয়াগনারের।
ওদিকে গ্লাভস হাতে নুরুল হাসানও দেখালেন উপস্থিত বুদ্ধির দুর্দান্ত প্রয়োগ, ফিল্ডারের থ্রো হাতে আসার সঙ্গে সঙ্গেই এক সেকেন্ডও নষ্ট না করে থ্রো করলেন। ওই এক মুহূর্তের নাটকীয় ঘটনাতেই আউট ওয়াগনার! নুরুলের থ্রো স্টাম্পে লাগার সময়টাতে কিউই ব্যাটসম্যানের ব্যাট ও দুই পা ছিল মাটির ওপরে। নিয়ম অনুযায়ী আউট!
কিছুটা কি দুর্ভাগ্যজনক এমন আউট? নিউজিল্যান্ড কোচ মাইক হেসনের তা-ই মনে হচ্ছে। আইসিসিকে এই নিয়মটা পাল্টে ফেলার অনুরোধও করেছেন, ‘নিয়মটা দীর্ঘদিন ধরে আছে ঠিকই, তবে এটা কিছুটা অন্যায়। একবার ক্রিজ পেরিয়ে গেলে, যদি ব্যাট বাতাসে থাকে সেটা তো রানআউট হওয়া উচিত নয়, তাই না? আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই নিয়মটা বদলানো দরকার।’
ক্রিকেটের আইনের ২৯ ধারা অনুযায়ী, ‘ব্যাটসম্যান যেদিকে দৌড়াচ্ছেন, সেই প্রান্তের ক্রিজে ব্যাট বা ব্যাটসম্যানের শরীরের কোনো অংশ যদি স্টাম্প ভাঙার মুহূর্তে মাটিতে না থাকে, তাহলে ওই ব্যাটসম্যানকে আউট ধরা হবে।’ যদিও ২০১০ সালের অক্টোবরে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এই আইনে সংশোধন আনে। যা অনুযায়ী, ‘দৌড়াতে থাকা ব্যাটসম্যান যদি পপিং ক্রিজের ভেতরে একবার পা ফেলেন, এরপর স্টাম্প ভাঙার সময়ে যদি মাটির সঙ্গে তাঁর ব্যাট ও পায়ের কোনো সংযোগ না-ও থাকে, তবু তিনি আউট হবেন না।’
তাহলে ওয়াগনার আউট হলেন কেন? কারণ এমন আউটের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ক্রিজের ভেতর অন্তত একবার পা ফেলতে হবে, ওয়াগনার যা করেননি। ওয়াগনার তো পা ফেলেছেন ক্রিজ পেরিয়ে আরও ১.২২ মিটার যাওয়ার পর! এএফপি, ক্রিকেট অস্ট্রেলিয়া।