আইপিএল খেলতে যাব, কি যাব না...

‘যাব কি যাব না, ভেবে ভেবে হায় রে...।’ প্রচলিত এ বাংলা গানের পঙ্ক্তির মতো সময় কাটছে ট্রেন্ট বোল্টের। আইপিএল খেলতে দেশের বাইরে যাবেন, না কি যাবেন না, বোল্ট ঠিক বুঝে উঠতে পারছেন না।
করোনাভাইরাস মহামারি সব গুবলেট করে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ তো স্থগিতই হয়ে গেল। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরুর সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিউজিল্যান্ডের এ পেসারের দল মুম্বাই ইন্ডিয়ানস। আরও পাঁচ কিউই ক্রিকেটার চুক্তিবদ্ধ আইপিএলে।
আইপিএল যে সংযুক্ত আরব আমিরাতেই হবে বোল্ট ঠিক নিশ্চিত নন। সেটি বোঝা গেল তাঁর কথায়। সবচেয়ে ধনী এ টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এ বছর কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রচুর কথা চালাচালি হয়েছে। ভারত তো আছেই শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ছাড়াও এসেছে নিউজিল্যান্ডের নামও!
বোল্ট তাই ভুগছেন দোলাচলে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে বাঁ হাতি এ পেসার বলেন, ‘অনেক কথাই শুনেছি যে এটা (আইপিএল) এখন অথবা তখন অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডে হওয়ার কথাও শুনেছি। মনে হচ্ছে, প্রতি সপ্তাহেই দৃশ্যপট বদলাচ্ছে। কিন্তু এটা এমন এক বিষয়, শেষটা দেখার অপেক্ষায় থাকতে হবে।’ আরব আমিরাতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫৮ হাজার। মৃতের সংখ্যা প্রায় ৩৫০।
নিউজিল্যান্ডের জিমি নিশাম ও লকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্সে। মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদে নাম লিখিয়েছেন কেন উইলিয়ামসন। মুম্বাইয়ে মিচেল ম্যাকলেনহানকে পেয়েছেন বোল্ট।
আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাকিদের সঙ্গে কথা বলে নেওয়ার কথা জানালেন বোল্ট, ‘ঠিক লোকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব কোনটা আমার ও নিজের ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো হয় এবং অবশ্যই আমার পরিবারের জন্য। নিউজিল্যান্ডের আরও কিছু খেলোয়াড় আছে এ টুর্নামেন্ট। কিন্তু সময়ই বলে দেবে বিষয়টি কোনদিকে গড়াবে।’
করোনা মহামারিতে দীর্ঘদিনের বিরতি গেছে ক্রিকেটে। বোল্ট নিজেও মাঠে নামতে মুখিয়ে আছেন। তবে বাস্তবতাও বুঝতে পারছেন তিনি, ‘আমি খেলতে চাই। যে কাজটা করতে পারি সেটা নিয়ে থাকতে চাই। তবে এখনো মনে হচ্ছে ব্যাপারটা পুরোপুরি হবে না, খুব সামান্যই-আগে দর্শকদের কোলাহল ও সমর্থন ছিল। আর তর সইছে না। মনে হচ্ছে ওভারের মাঝে দীর্ঘ বিরতি। শীতকালীন অনুশীলনে কেউ তাঁবুর মধ্যে বসে থাকতে চায় না।’
মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলন ক্যাম্প করছে নিউজিল্যান্ড দল। শারীরিক অসুস্থতায় বোল্ট দ্বিতীয় দিনে অনুশীলন করেননি। সাবধানতা হিসেবেই তাঁকে অনুশীলনের বাইরে রাখা হয়েছে। ২৪ জুলাই পর্যন্ত এ অনুশীলন চলবে। সবাই একসঙ্গে অনুশীলন না করে দিনকে দুটি অর্ধে ভাগ করে দলে দলে ঘাম ঝরাচ্ছেন কিউই ক্রিকেটাররা।