আইপিএল চান না বোথাম

রবি শাস্ত্রী শুনে নিশ্চয়ই বলেছেন ‘জেলাস’। ধারাভাষ্যে তো কতবারই বলেছেন এ কথা। মহেন্দ্র সিং ধোনি কদিন আগে সংবাদ সম্মেলনেই বলেছেন, আইপিএলে ঈর্ষাকাতর অনেকেই। তবে শাস্ত্রী-ধোনিরা যাই বলুন, অনেকের মনের কথাটিই বলেছেন ইয়ান বোথাম। এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে লেকচারে সাবেক ইংলিশ অলরাউন্ডার বলেছেন, আইপিএল বন্ধ করে দেওয়া উচিত।
বোথামের মতে, বিশ্ব ক্রিকেটের ধারাই পাল্টে দিয়েছে আইপিএল, ‘আইপিএল নিয়ে আমি চিন্তিত—সত্যি বলতে, আমি চাই এটি একেবারেই না থাকুক, কারণ বিশ্ব ক্রিকেটের অগ্রাধিকার পাল্টে দিয়েছে। ক্রিকেটাররা এখন আইপিএলের দাস। প্রশাসকেরাও এর কাছে মাথা নত করে আছে।’
বক্তৃতায় যৌক্তিক আরেকটি প্রসঙ্গও তুলে এনেছেন সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, ‘আইপিএল বিশ্বের সেরা ক্রিকেটারদের দুই মাসের জন্য নিয়ে নেয়, অথচ এই ক্রিকেটারদের তুলে এনেছে যারা, সেই বোর্ডগুলোকে কীভাবে আইপিএল একটি পয়সাও দেয় না, সেটা আমার মাথায় ঢোকে না। জানি, এখন এটি খানিকটা সংশোধন করা হয়েছে, তার পরও এটি ভারসাম্যহীন। খেলাটার দীর্ঘমেয়াদি ভালোর কথা ভাবলে আইপিএল একটু বেশিই শক্তিশালী।’
আইপিএল নিয়ে আরেকটি গুরুতর যে অভিযোগ সব সময়ই আছে, সেটিও উঠে এসেছে সাবেক ইংল্যান্ড অধিনায়কের বক্তৃতায়, ‘দুর্নীতি এমনিতেই খেলাটায় অনেক বড় সমস্যা, আইপিএল আগুণে আরও বেশি ঘি ঢেলেছে। কারণ, বেটিং ও ফিক্সিংয়ের উপযুক্ত মঞ্চ তৈরি করে দিয়েছে এটি।’
১০০ টেস্ট খেলা প্রথম ব্যাটসম্যান, সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও সাবেক এমসিসি প্রেসিডেন্ট কলিন কাউড্রের স্মরণে ২০০১ সাল থেকে এই বক্তৃতা আয়োজন করে আসছে এমসিসি। শুরু হয়েছিল রিচি বেনোকে দিয়ে, এরপর ব্যারি রিচার্ডস থেকে গাভাস্কার-লয়েড-বয়কট-গিলক্রিস্ট-সাঙ্গাকারা হয়ে গতবার এই বক্তৃতা দিয়েছিলেন সাইমন টফেল। এএফপি, ক্রিকইনফো।