আইপিএল দেখল ৯৭ মাইল বেগের ঝড়

গতির ওপর ভরসা রাখায় বিশ্বাসি প্রোটিয়া পেসার নর্টিয়ে।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে কোন ভূমিকা সবচেয়ে রোমাঞ্চকর? কী আবার! ফাস্ট বোলিং!

এ নিয়ে বিতর্ক হয় খুব সামান্যই। গতিময় পেসার হওয়ার মতো রোমাঞ্চকর হয়তো ক্রিকেটে আর কিছুই নেই। যিনি বোলিং করেন তাঁর কাছে বিষয়টি যেমন শিহরণ জাগানিয়া, তেমনি দর্শকদের কাছেও গতির আবেদন অন্যরকম। খুব বেশি দিন আগের কথা নয়, শোয়েব আখতার, ব্রেট লি, শন টেইটদের সময় ঘণ্টায় ১৫০ কিমির বেশি গতি দেখা যেত নিয়মিতই। ডেল স্টেইন, মিচেল জনসন, মিচেল স্টার্ক থেকে এখন জফরা আর্চারও এর আশপাশেই থাকছেন। কাল আইপিএলে আর্চার গতির হলকা ছোটানোর পর খুব কাছ থেকেই দেখেছেন আনরিখ নর্টিয়েরকে।

প্রোটিয়া পেসারের কথা পরে। আগে আর্চারের প্রসঙ্গই টানা যাক। কাল আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৩ রানে জিতেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে গতি। আক্ষরিক অর্থেই এটি ছিল গতির পসরা সাজানো এক ম্যাচ। রাজস্থানের ইংলিশ পেসার আর্চার পেয়েছেন ৩ উইকেট। তবে সবচেয়ে দর্শনীয় ছিল আর্চারের গতিময় বোলিং। ১৪৪ কিমি থেকে ১৫১ কিমিতেও গতি তুলেছেন আর্চার। পৃথ্বী শ, অজিঙ্কা রাহানে, মার্কাস স্টয়নিসরা এই গতি সামলাতে হিমশিম খেয়ে দিয়েছেন উইকেট। পরে রাজস্থানের ইনিংসে জস বাটলারের ঘাম ছুটিয়ে দেন নর্টিয়ে।

সেটিও যেন-তেন ভাবে নয়। আইপিএলের ইতিহাসে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়েই। পেশিবহুল শরীর, চওড়া কাঁধ ও লম্বা রান আপে দেখার মতো বোলিং-ই করেছেন ২৬ বছর বয়সী নর্টিয়ে। নিজের ৪ ওভারের স্পেলে ধারাবাহিকভাবে ঘণ্টায় ৯০ মাইলের ওপরে বল করেছেন তিনি। এর মধ্যে তাঁর প্রথম ওভারটি অনেক দিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। সেটি ছিল রাজস্থানের ইনিংসে তৃতীয় ওভার। নর্টিয়ের মুখোমুখি হয়ে বাটলারকে শুরুতে মোটেও নড়বড়ে লাগেনি। ১৪৮ কিমি বেগে করা তাঁর প্রথম বলটি লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন ইংলিশ ব্যাটসম্যান। বাটলার তখনো জানতেন না সামনে তাঁর জন্য কী অপেক্ষা করছে।

১৫২.৩ কিমি, ১৫২.১ কিমি, ১৪৬.৪ কিমি, ১৫৬.২ কিমি ও ১৫৪.৮ কিমি—এই হলো নর্টিয়েরের ওই ওভারে করা বাকি পাঁচ ডেলিভারির গতি। এর মধ্যে চতুর্থ ও পঞ্চম বলে দুটি চার মারেন বাটলার। শেষ বলে গতির সঙ্গে সিম মুভমেন্ট সামলাতে পারেননি। বাটলার ব্যাকরণ মেনে খেললেও মাঝ স্টাম্প ছত্রখান! তার আগেই নিজের পঞ্চম ডেলিভারিতে আইপিএলে সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ডটি গড়ে ফেলেন নর্টিয়ে (১৫৬.২২ কিমি/ ৯৭ মাইল)। ২০১২ সালে ডেকান চার্জাসের হয়ে ডেল স্টেইনের ১৫৪.৫ কিমি বেগে করা ডেলিভারির রেকর্ড ভেঙে ফেলেন তিনি।

আগুনে গোলায় জস বাটলারের স্টাম্প ছত্রখান করার পর নর্টিয়েরের অগ্নিদৃষ্টি।
ছবি: টুইটার

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কালকের ম্যাচের উইকেট আনকোরা ছিল না। এর আগেও এই উইকেটে খেলা হয়েছে এবং সেখানে বল একটু থেমে আসে। বাটলার যেহেতু মারকুটে ব্যাটসম্যান, বল ব্যাটে আসা পছন্দ করেন তিনি। সে ক্ষেত্রে প্রথম বলে ছক্কা হজমের পর স্লোয়ার হতে পারত নর্টিয়েরের মোক্ষম বুদ্ধিদীপ্ত অস্ত্র। বল উইকেটে ধরে একটু থেমে আসায় টাইমিংয়ে গড়বড় হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তবে জাত পেসাররা অন্য কিছু ভাবতেই পারেন। গতি থাকায় স্লোয়ার মারাটা পেসারদের অহমে লাগাই স্বাভাবিক। নর্টিয়েরের ক্ষেত্রেও তাই দেখা গেল। স্লোয়ারের ধার-কাছ দিয়েও না গিয়ে শুধু গতি বাড়ানোর চেষ্টা করেছেন তিনি।

২ উইকেট নিয়ে ম্যাচসেরা নর্টিয়ের জয়ের পর বলেন, ‘১৫৬ কিমি গতিতে বল করেছি জানতাম না। তবে শুনে ভালো লাগছে।’ বাটলারের মুখোমুখি হয়ে গতি ধরে রাখার কৌশল নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘ভাবিনি প্রথম বলটাই সে মারবে। স্কুপ করবে সেটাও ভাবনায় ছিল না। সে হয়তো অন্যকিছু আশা করছিল। খাটো লেংথের বল কিংবা স্লোয়ার। কিন্তু আমি নিজের শক্তির জায়গাতেই ভরসা রেখেছিল। শেষ পর্যন্ত তার ফলও পেয়েছি।’