আইপিএল দেখেন না পূজারা!
আইপিএল দেখেন না চেতেশ্বর পূজারা! গোটা ভারত যেখানে বুঁদ হয়ে আছে টি-টোয়েন্টি ক্রিকেটের আনন্দ-সুধায়, সেখানে ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হয়েও পূজারা নাকি তা উপভোগের আগ্রহ পান না! মিথ্যে বলছেন না তো! নাকি অভিমান!
২০১৪ সালের পর আইপিএলের আট দলের একটিও যে তাঁর মধ্যে খুঁজে পায়নি টি-টোয়েন্টি ক্রিকেটের ‘গুণাবলি’। অথচ খোদ বিরাট কোহলি মনে করেন, এ সময়ের ভারতের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। সেটা অবশ্য টেস্ট ক্রিকেটে। আর টেস্ট ব্যাটসম্যানের তকমা পেয়ে যাওয়া এই টি-টোয়েন্টির মচ্ছবের যুগে তো অভিশাপ। পূজারাকে তাই কেনেই না আইপিএলের কোনো দল!
বাকি সতীর্থরা যখন মাঠের গ্ল্যামার ক্রিকেটে ব্যস্ত, পূজারার অখণ্ড অবসর। তবে এ নিয়ে নাকি তাঁর কোনো অভিমান নেই। অনুযোগ নেই। সন্ধ্যাবেলাটা একান্ত পারিবারিক পরিবেশেই কাটে। সময়টা পুরোপুরিই তিনি দেন স্ত্রীকে, অন্য বন্ধু-বান্ধবকে। সারা দিন ক্রিকেট অনুশীলনের পর এই সময় টেলিভিশনে আইপিএল দেখার কোনো আগ্রহই বোধ করেন না তিনি।
২৪ ঘণ্টা তো আর ক্রিকেট নিয়ে থাকা সম্ভব নয়—ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক আলাপচারিতায় পূজারা এমনটাই বলেছেন। তিনি বরং সন্ধ্যাটা পরিবারকে দেওয়ার পক্ষে, ‘জিম কিংবা অনুশীলন প্রায় সারা দিনই থাকে। বাসায় ফিরে এই সময়টা আবার ক্রিকেট দেখতে কেন বসব; বরং সময়টা আমি পরিবারকে কিংবা বন্ধু-বান্ধবকে দেব। একেবারেই যে দেখি না, তা নয়। অন্য কেউ দেখলে তখন দেখি।’
আইপিএলে না খেলায় কোনো অভিমান নেই বলেই দাবি পূজারার, ‘আমি আইপিএলে নেই দেখে যে এটা উপভোগ করি না—ব্যাপারটা এমন নয়।’
গত ৭ এপ্রিল সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার আমন্ত্রণে রাজকোট স্টেডিয়ামে গিয়ে আইপিএলের খেলা দেখেছেন বলেও জানালেন। তবে এমন বিশেষ আমন্ত্রণ না থাকলে আইপিএল দেখা হয় না তাঁর।
আইপিএল না খেললেও পূজারার আয় কিন্তু কম নয়। ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতের প্রতিটি টেস্ট ম্যাচে দলে থাকার জন্য ম্যাচ ফি হিসেবেই তিনি আয় করছেন ৪ কোটি ২৫ লাখ রুপি। তবে কেবল সীমিত ওভারের ক্রিকেট খেলা আশিস নেহরা, আম্বাতি রাইডু. রবিন উথাপ্পা, সুরেশ রায়না বা মোহিত শর্মাদের চেয়ে তাঁর আয় কম।
ব্যাপারটি নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ দেখেন না তিনি, ‘আমি আমার আয় নিয়ে সন্তুষ্ট। অন্যদের আয় বেশি না কম, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি যা আয় করি, সেটাই আমার কাছে মূল্যবান।’
ছবির ক্যাপশন: টিভিতে আইপিএল দেখেন না পূজারা। ফাইল ছবি