আইপিএল নিলামে এবার ভুটানের ক্রিকেটার

মিকিও দর্জির সুযোগ হতে পারে আইপিএলেওছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভুটান’ দেশটির কথা চিন্তা করলেই মানসপটে ভেসে ওঠে সবুজ আর পাহাড়ে ঘেরা ছোট সুন্দর একটি দেশের কথা। পাহাড়ের মাঝখান দিয়ে এঁকেবেঁকে চলে যাওয়া রাস্তা। দুই ধারে আপেল, পিচ আর কমলার সারি সারি বাগান—ভুটান মানে তো এটাই।

ভারত লাগোয়া দেশ হলেও ভূপ্রাকৃতিক কারণেই দেশটিতে ক্রিকেট খেলাটা কঠিন। তারপরও ক্রিকেট যে একেবারেই হয় না, তা নয়। প্রতিবেশী ভারত বলেই হয়তো অল্প করে হলেও ভুটানে ক্রিকেটের চর্চা শুরু হয়েছে। আইসিসির অধিভুক্তিও আছে তাদের। ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এস এ গেমসের ক্রিকেটে ভুটান ক্রিকেট দল অংশ নিয়েছিল। ক্রিকেট খুব বেশি না হলেও ফুটবলে ভুটান ফিফার সদস্য। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্বে খেলার সুযোগ করে নিয়েছিল তারা। তবে ফুটবল-ক্রিকেট ছাপিয়ে হিমালয়ের কোলের এই দেশে তিরন্দাজি খুবই জনপ্রিয় খেলা।

সেই ভুটানেরই এক ক্রিকেটার এবারের আইপিএলের নিলামে থাকছেন। ২০১৮ সালের পর এই প্রথম আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নিলামে নিজেদের দল সাজিয়ে নেওয়ার সুযোগ পাবে পুরোনো ৮ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া নতুন ২ ফ্র্যাঞ্চাইজি।

এবারের নিলামে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার থাকছেন। এরই একজন ভুটানি ক্রিকেটার মিকিও দর্জি। নিলাম শুরুর আগে এই তালিকায় অবশ্য একবার কাঁচি চালাবে আইপিএল কমিটি। বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আছেন নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়দের শ্রেণিতে।

ভুটান জাতীয় ক্রিকেট দলে খেলেন মিকিও
ছবি: ইনস্টাগ্রাম

মোট ৪৯ জন তারকাকে রাখা হয়েছে এবার আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। এর মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশি ক্রিকেটার। ডেভিড ওয়ার্নার, মুজিব উর রহমান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টদের সঙ্গে বিদেশি খেলোয়াড়ের তালিকায় আছেন সাকিব-মোস্তাফিজ। ভারতীয় ও বিদেশি মিলিয়ে এই ৪৯ ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। অর্থাৎ নিলামে তাঁদের দাম শুরু হবে দুই কোটি রুপি থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য দেড় কোটি রুপি—এউইন মরগান, অ্যারন ফিঞ্চ, জনি বেয়ারস্টোরা রয়েছেন এ তালিকায়। তৃতীয় সর্বোচ্চ ১ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন মারনাস লাবুশেন, মোহাম্মদ নবী, মিচেল স্যান্টনারদের মতো ক্রিকেটার।

নিলামের জন্য নাম নিবন্ধন করা খেলোয়াড়দের মধ্যে ২৭০ জন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। ৩১২ জনের আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা নেই। সহযোগী দেশ থেকে নাম লিখিয়েছেন ৪১ ক্রিকেটার। লক্ষ্ণৌ ও আহমেদাবাদ এবার নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যোগ দিয়েছে আইপিএলে।

আইপিএল নিলামে সুযোগ পাওয়া মিকিও অবশ্য এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করা ও কথা বলার সুযোগ পেয়েছেন। নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক তাঁকে পরামর্শও দিয়েছেন। মিকিওর প্রতি ধোনির পরামর্শ, ‘সহজ থাকো, ফলের দিকে না তাকিয়ে নিজের কাজটা করে যাও।’ সেই সঙ্গে আনন্দের সঙ্গে ক্রিকেট খেলারও কথা বলেছেন ধোনি।