‘আইপিএল নিলামে কিষান আর শাহরুখ খানের দিকে চোখ রাখুন’

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের এই মেগা নিলামছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বিশাল নিলামের দামামা বাজছে আইপিএলে। কেতাবি ভাষায় যাকে ‘মেগা অকশান’ বলা হচ্ছে। নিজেদের স্কোয়াডের খামতিগুলো ঘোচানোর উদ্দেশ্যে টাকার থলি নিয়ে নামবে দশটি ফ্র্যাঞ্চাইজি। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের এই মেগা নিলাম।


প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির বাজেট ধরা হয়েছে ৯০ কোটি রুপি। কয়েকজন করে খেলোয়াড় ধরে রাখার মাধ্যমে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই সেই ৯০ কোটি রুপির থলি থেকে খরচ করা শুরু করে দিয়েছে। দশ ফ্র্যাঞ্চাইজি মিলে এর মধ্যেই ৩৩ জন খেলোয়াড়কে নিজেদের দলে ধরে রেখেছে। অবশিষ্ট রুপি নিয়ে পছন্দের খেলোয়াড় পাওয়ার লড়াইয়ে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই নামবে আগামী ১২-১৩ ফেব্রুয়ারিতে।

হার্শা ভোগলে
ছবি : এএফপি

যে খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখতে পারেনি, তাঁদের মধ্যে কোন কোন খেলোয়াড়ের দাম সবচেয়ে বেশি হবে? একটা অনুমান করেছেন হার্শা ভোগলে। জনপ্রিয় ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হার্শার মতে, ইশান কিষান আর শাহরুখ খানের দাম উঠবে সবচেয়ে বেশি।


এর আগে মুম্বাই ইন্ডিয়ানসের টপ অর্ডারের অন্যতম ভরসা ছিলেন কিষান। কিন্তু রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, কাইরন পোলার্ড ও সূর্যকুমার যাদবকে ধরে রাখতে গিয়ে কিষানকে এবার ছেড়ে দিয়েছে আইপিএলের সফলতম এই ফ্র্যাঞ্চাইজি। ফলে এবার নিলামে উঠছেন তিনি।

ইশান কিষান
ছবি : এএফপি

হার্শার মতে, এবার নিলামে ঝড় তুলবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, ‘ইশান কিষান একজন ভারতীয়, উইকেটকিপার, বাঁহাতি—এই তিনটি বৈশিষ্ট্যের কারণে ওর দাম উঠবে অনেক বেশি। এক খেলোয়াড়ের মধ্যে এই তিন বৈশিষ্ট্য থাকলে তার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করবেই।’


এবার পাঞ্জাব কিংস ধরে রেখেছে টপ অর্ডার ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল ও বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে। গত নিলামে কেনা ধুমধাড়াক্কা মিডল অর্ডার ব্যাটসম্যান শাহরুখ খানের জায়গা হয়নি এবার প্রীতি জিনতার দলে।

শাহরুখ খান
ছবি : টুইটার

হার্শার মতে, শাহরুখের মধ্যে সাবেক ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠানের ছায়া খুঁজে পেয়েছেন তিনি। এর আগে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের মতো দলে খেলেছেন ইউসুফ পাঠান।


‘এই বছর আশা করছি শাহরুখ খান ভালো করবে। ওর মধ্যে একটা ব্যাপার আছে, ক্রিজে ওর উপস্থিতিই অন্য মাত্রা এনে দেয়। ইউসুফ পাঠানকে তো দেখেছেন, ওর (শাহরুখ) মধ্যে অনেকটা ইউসুফ পাঠানের মতো ব্যাপার আছে। ওর খেলা দেখলে ইউসুফ পাঠানের কথা মনে পড়ে যায়’, বলেছেন হার্শা।