আইপিএল নিলামের 'আলোচিত' পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
• আইপিএল নিলামে এবার চমক ছিল যথেষ্টই
• জো রুট দল না পেলেও দল পেয়েছেন নেপালি অখ্যাত ক্রিকেটার
• লেগ স্পিনারদের প্রতি যথেষ্ট আগ্রহ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর
• ভারতীয় প্রতিভাদের পেছনে পয়সা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো
আইপিএল নিলামে ছিল অনেক চমক
আইপিএল নিলামে ছিল অনেক চমক

আইপিএলের নিলাম এখন একটা বড় ঘটনাই। ক্রিকেট-বিনোদনের বড় অনুষঙ্গ। পণ্য বিকিকিনির মতো এখানে খেলোয়াড় বেচাকেনা হয়। খেলোয়াড়দের দাম ওঠে, বাড়ে। অনেক অখ্যাতদের কপাল খুলে যায়, বিখ্যাতরা বঞ্চিত হন। কোটি কোটি রুপির অদৃশ্য আদান-প্রদান ঘটে এই আসরে। ২০০৮ সালে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ হিসেবে এই আইপিএলের যাত্রা শুরুর পর থেকেই এর নিলাম বিশেষ কিছুই। একাদশ আসরের নিলামও কিন্তু আগের দশটির মতোই অনুরণন তুলেছে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্য।
জো রুটের দল নেই, কে এই লামিচানে?
এবারের আইপিএলের নিলামে বিখ্যাত অনেক ক্রিকেটারই দল পাননি। এর মধ্যে সবচেয়ে আলোচিত নামটি বোধহয় ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট। দল পাননি ইংল্যান্ডের সীমিত ওভারের দলপতি এউইন মরগানও। ক্রিস গেইলের মতো ক্রিকেটারও ‘সস্তা’য় বিক্রি হয়েছেন কোনোমতে। কিন্তু এবার ভাগ্য খুলে গেছে দুই ‘টিনএজ’ ক্রিকেটারের। কিন্তু আফগানিস্তানের ১৬ বছর বয়সী লেগ স্পিনার মুজিব জাদরান বিক্রি হয়েছেন ৪ কোটি রুপির বেশি অর্থে। চমক হয়ে এসেছেন ক্রিকেটের আন্তর্জাতিক স্তরেই না থাকা দেশ নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানে। অনেক বাঘা বাঘা ক্রিকেটারকে বাদ দিয়ে এই নেপালি ক্রিকেটারকেই কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।

রাজস্থান রয়্যালসের ‘রাজকীয়’ প্রত্যাবর্তন
স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ায় আইপিএল থেকে দুই মৌসুম বাইরে ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু এবার রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে তাদের। নিলামে চমক দেখিয়েছে তারা। নিলামে ৭৮ কোটি ৩৫ লাখ রুপি খরচটাও মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই। শুরুর দিনই ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিজেদের আর্থিক শক্তিটা জানিয়ে দিয়েছে রাজস্থান। স্টোকস এবারের আইপিএল নিলামে সর্বাধিক দামে বিক্রীত ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটারটিও তাদেরই—জয়দেব উনাদকাট। তাঁর দাম ১১ কোটি ৫০ লাখ।

ভারতীয় প্রতিভাদের কদর
এবারের নিলামে ভারতীয় তরুণ প্রতিভার প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ দেখা দিয়েছে। এই যে জয়দেব উনাদকাট, তিনি কিন্তু ভারতের টেস্ট কিংবা ওয়ানডে কোনো দলেই নেই। এরপরও তাঁকে ১১ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। ১১ কোটি রুপিতে বিক্রি হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান লোকেশ রাহুল। মনিশ পান্ডেও বিক্রি হয়েছেন ১১ কোটি রুপিতেই। তাঁদের পাশাপাশি করুন নায়ারের নাম বিশেষভাবে বলতে হয়। ঘরোয়া ক্রিকেটের অনেক তরুণ প্রতিভাও গড়পড়তা ৪-৫ কোটি রুপিতে বিক্রি হয়েছেন এবারের আইপিএল নিলামে। বিদেশি ক্রিকেটারদের টাকা না দিয়ে সেই টাকায় তরুণ প্রতিভা লালন করার একটা শুভ প্রবণতা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এবার ছিল।

নিলামের বিস্ময় জোফ্রা আর্চার
বারবাডোজে জন্ম নেওয়া ফাস্ট বোলার জোফ্রা আর্চার ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেন। এ জন্য আলো ছড়িয়ে যাচ্ছেন ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে খুব পরিচিত তিনি নন, কিন্তু এবারের আইপিএল নিলামে সেই আর্চারই বিস্ময় হয়ে এসেছেন। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা আর্চারকে ৭ কোটি রুপিতে কিনেছে সেই রাজস্থান রয়্যালস। ২২ বছর বয়সী এই ফাস্ট বোলার নিঃসন্দেহে এবারের আইপিএল নিলামে আলোচনার জন্ম দিয়েছেন।

লেগ স্পিনারে ভরসা
ফ্র্যাঞ্চাইজিগুলো এবার লেগ স্পিনারদের প্রতি আগ্রহী ছিল। আফগানিস্তানের রশিদ খানকে ৯ কোটিতে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। যুজবেন্দ্র চাহালেরও দাম উঠেছে ৬ কোটি রুপি। ‘চায়নাম্যান’ কুলদীপ যাদবও ভালো দামে বিক্রি হয়েছেন। অমিত মিশ্র, পিউস চাওলা ও ইমরান তাহিররাও যা দাম পেয়েছেন, তা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়।