আইপিএল নেই বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের বিশ্বকাপের ট্রফি হাতে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট l এএফপি
মেয়েদের বিশ্বকাপের ট্রফি হাতে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট l এএফপি

২২৯ রানের লক্ষ্য। ৪২.৪ ওভারে ৩ উইকেটে ১৯১ রান তুলে ফেলা ভারতের মেয়েরা শিরোপার সোনালি ঝিলিকটা দেখতে পাচ্ছিলেন। কিন্তু হঠাৎ এক ঝড় সব এলোমেলো করে দিল। ২৮ রানের মধ্যে শেষ ৭ উইকেট হাওয়া! প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙল ইংল্যান্ডের কাছে ৯ রানের হারে। কেন এমন হলো? ব্যাখ্যা হতে পারে একটাই—এত বড় একটা অর্জনের সম্ভাবনাই বিষম চাপ হয়ে গেছে ভারতের মেয়েদের জন্য।

অধিনায়ক মিতালি রাজও সেই ব্যাখ্যাই দিয়েছেন, ‘শেষে গিয়ে সবাই খুব নার্ভাস হয়ে পড়েছিল। আর এটাই আমাদের হারিয়েছে।’ সঙ্গে একটি আক্ষেপও করলেন। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো ভারতেও যদি মেয়েদের টি-টোয়েন্টি লিগ থাকত! ৪৪ বলে ৩৮ রান প্রয়োজন, হাতে ৭ উইকেট। ভারতের তো টি-টোয়েন্টির মতো ঝড় তোলার প্রয়োজন ছিল না। মিতালি তাহলে টি-টোয়েন্টির প্রসঙ্গ কেন টানলেন?

চাপ সামলাতে যে অভিজ্ঞতা লাগে, মিতালি আসলে সেটিই বোঝাতে চেয়েছেন। লর্ডসের ফাইনালের আগেই মেয়েদের আইপিএল চালু করার দাবি তুলেছিলেন। ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পরও মিতালি সেটির পুনরাবৃত্তি করলেন, ‘স্মৃতি মানধানা ও হারমানপ্রীত কৌর মেয়েদের বিগ ব্যাশে খেলেছে। এ ধরনের লিগে খেলতে পারলে মেয়েরা আরও অভিজ্ঞতা অর্জন করবে আর নিজেদের খেলায় উন্নতিও করতে পারবে। আমি তো বলব ভারতে মেয়েদের আইপিএল থাকা উচিত। এটা চালু করার সঠিক সময় এটাই।’

হারতে হারতে জিতে যাওয়াটা ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। অধিনায়ক হিদার নাইটের উচ্ছ্বাস যেন থামছিলই না, ‘আমি হাসি থামাতেই পারছি না। মেয়েদের এই দলটি নিয়ে আমি গর্বিত।’ নাইটের গর্ব সবচেয়ে বেশি অানিয়া শ্রাবসোলকে নিয়ে। ভারতের ইনিংসের শেষ দিকে ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন মূলত ২৫ বছর বয়সী এই পেসার। নিজের শেষ ১৯ বলে ১১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

শেষ স্পেলে বল করতে আসার আগে ৬ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট। ৪৩তম ওভারে এসে তুলে নেন ৮৬ রান করা পুনম রাউতকে। সেই ওভারে অবশ্য ৯ রান দিয়েছিলেন। ইনিংসের ৪৫তম আর নিজের অষ্টম ওভারে ৩ রান দিয়ে নেন ২ উইকেট। পরের ওভারে ৭ রান দিয়ে উইকেট পাননি। তবে নিজের শেষ আর ৪৯তম ওভারে চার বলের মধ্যে ২ উইকেট নিয়ে ইংল্যান্ডকে এনে দেন অবিশ্বাস্য এক জয়। ম্যাচে শ্রাবসোলের বোলিং ফিগার দাঁড়ায় ৯.৪-০-৪৬-৬।

হিদার নাইট তাই একবাক্যে বলে দিলেন, ‘অানিয়া শ্রাবসোল—আমাদের হিরো!’ ইংল্যান্ডের জয়ের এই ‘নায়ক’ লর্ডসে খেলার স্বপ্ন দেখতেন ১০ বছর বয়স থেকেই। বাবা ইয়ান ছিলেন ক্রিকেটার। ১৫ বছর আগে লর্ডসে ক্লাব ক্রিকেটের একটি ফাইনাল খেলেছেন ইয়ান। সেই সময়ে শ্রাবসোল বাবাকে বলেছিলেন—একদিন আমিও লর্ডসে খেলব! শ্রাবসোল শুধু খেললেনই না, ইংল্যান্ডের মেয়েদের চতুর্থ বিশ্বকাপ জেতানোয় সবচেয়ে বড় ভূমিকাও তাঁর। তাঁর কী অনুভূতি? সেটি বলে বোঝানোর নয়, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি।’ এএফপি।