আইপিএল বন্ধ হোক, চান বোথাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ান বোথাম
ইয়ান বোথাম

আইপিএল নিয়ে সমালোচনা অনেক। ক্রিকেটবোদ্ধারা ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগকে অনেক সময়ই অভিহিত করেন ক্রিকেটের অশনিসংকেত হিসেবে। প্রচুর টাকার ছড়াছড়ি থাকায় এই আইপিএলের কারণে ক্রিকেটাররা দেশের হয়ে খেলার উৎসাহ হারাচ্ছেন—এসব তো আছেই, অনেকেই ক্রিকেট-দুর্নীতির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগের সংশ্লিষ্টতাও খুঁজে পান। ইয়ান বোথাম এই দলের সর্বশেষ সংযোজন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক মনে করেন আইপিএল অতি সত্বরই বন্ধ হওয়া দরকার।
লর্ডসে এমসিসি স্পিরিট অব ক্রিকেট-কাউড্রে লেকচারে অংশ নিয়ে বোথাম ধুয়ে দিয়েছেন আইপিএলকে। তিনি বলেছেন, ‘আইপিএল ক্রিকেটের চেতনার মূলে এক নিদারুণ কুঠারাঘাত। আইপিএল অবশ্যই বন্ধ করা উচিত। এই প্রতিযোগিতাটি ক্রিকেট দুনিয়ার অগ্রাধিকারকে নষ্ট করে দিয়েছে। আমি আইপিএল নিয়ে সত্যিই চিন্তিত।’
বোথাম তাঁর ভাষণে সবার জন্য চিন্তার এক খোরাকও জুগিয়েছেন, ‘আইপিএলে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি হয় খুব সীমিত সময়ের জন্য। এক কি দুই মাসের জন্য। এই সময় খেলোয়াড়দের মালিকানা যেন ক্রিকেট বোর্ডের কাছ থেকে চলে যায় ফ্র্যাঞ্চাইজিদের হাতে। এ সময় বোর্ডগুলোর উচিত খেলোয়াড়দের জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছে নির্দিষ্ট অঙ্কের অর্থ দা​বি করা। এই দাবি বোর্ডের অধিকার। কারণ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের কিন্তু এই পর্যায়ে নিয়ে এসেছে বোর্ডগুলোই। অথচ ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু বোর্ডকে একটা ফুটোকড়িও পরিশোধ করে না। এই চর্চাটাই নেই।’ এএফপি।