আইপিএলে অশ্বিনের লেগ ভেলকি!

>
- লেগ স্পিন শিখছেন অশ্বিন
- আইপিএলে বিদ্যাটি প্রয়োগ করবেন ভারতীয় স্পিনার
গত বছরের ডিসেম্বরে চেন্নাইয়ে ক্লাব ক্রিকেটের এক ম্যাচে নিজের শেষ ৬ ওভার পুরোদস্তুর লেগ স্পিনারদের মতো বোলিং করেছিলেন রবিচন্দ্র অশ্বিন। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজেও কিছু ডেলিভারি লেগ ব্রেক করান এ অফ স্পিনার। তখন এ নিয়ে হইচই পড়ে যাওয়ায় সংবাদমাধ্যম জানিয়েছিল লেগ স্পিন শিল্পে হাত পাকাচ্ছেন ভারতের সেরা এ স্পিনার। রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে নতুন শেখা এ বিদ্যা তিনি প্রয়োগ করবেন আইপিএলে।
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বোলাররা এখন আর প্রথাগত অস্ত্র নিয়ে পেরে উঠছেন না। ব্যাটসম্যানদের সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে যেকোনো স্পিনারকেই তাঁর তৃণের অস্ত্রভান্ডার বাড়াতে হয়। লেগ স্পিন ভালোভাবে রপ্ত করে অশ্বিন ঠিক সেই কাজটিই করার চেষ্টা করছেন। ভারতের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল গুজরাটের বিপক্ষে লেগ স্পিনারদের মতো বোলিং করেন তিনি। টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে থাকা অশ্বিন তাঁর নতুন অস্ত্রের প্রয়োগ সম্বন্ধে বললেন, ‘আইপিএল নিয়ে এটা আমার পরিকল্পনার অংশ। নিজের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করার চেষ্টা করছি।’
সব ভালো বোলারেরই ‘স্টক ডেলিভারি’ আছে। মোক্ষম সময়ে তা ব্যবহার করে থাকেন। লেগ স্পিনকেও ‘স্টক ডেলিভারি’ হিসেবে ব্যবহার করতে চান অশ্বিন, ‘চেন্নাই লিগে অফ স্পিনারদের ভঙ্গিতেই ভালো লেগ স্পিন করতাম। একটা সময় পর সঠিক স্টক বলের খোঁজে অনেক ভাবতে হয়েছে। বৈচিত্র্য যে ছিল না এমন নয়, স্টক বল হিসেবে অফ স্পিন করেছি প্রায় ১০ বছর। তবে আমার কাছে কোনো কিছুই (ডেলিভারি) নিশ্চিত নয়। কখনো ভাবিনি যে কোনো নির্দিষ্ট ডেলিভারি দিয়ে ক্যারিয়ার পার করব।’
নিজের একাডেমিতেই লেগ স্পিন শিখছেন অশ্বিন। বোলিং অ্যাকশন না পাল্টে শিল্পটি রপ্ত করতে শুরুতে তাঁর বেশ সমস্যা হয়েছে। তবে হাতের কনুই ৪৫ ডিগ্রিতে না বাঁকায় অ্যাকশনে কোনো পরিবর্তন আনতে হয়নি। কিন্তু জায়গামতো বল ফেলার কায়দা শিখতে খুব খাটতে হয়েছে অশ্বিনকে, ‘অ্যাকশনে কোনো সমস্যা হয়নি। তবে নেটে জায়গামতো বল ফেলা শিখতে অনেক খাটতে হয়েছে। এখন নিজের ইচ্ছামতো বল ফেলতে পারি।’ ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১১তম আসর।