আইপিএলে আফ্রিদিদের নিতে বললেন আইসিসি সভাপতি

আইপিএলের প্রথম আসরে কয়েকটি দলে খেলেছিলেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেট তারকা। কিন্তু রাজনৈতিক সংকট, দুই দেশের কূটনৈতিক লড়াইয়ের কারণে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ও অর্থকরী এই টি-টোয়েন্টি লিগের দরজা বন্ধই হয়ে গেছে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য। পাকিস্তানি ক্রিকেটাররা বিগ ব্যাশ, সিপিএল কিংবা বিপিএলের মতো অন্য টি-টোয়েন্টি লিগে খেললেও আইপিএল তাঁদের জন্য এক রকম ‘নিষিদ্ধ’ গত নয় বছর ধরেই।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও আইসিসির বিদায়ী সভাপতি জহির আব্বাস এই অবস্থার পরিবর্তন চান। তাঁর মতে, পাকিস্তানি ক্রিকেটাররা খেললে আইপিএলের মর্যাদা বাড়বে, এটি পরিণত হবে আরও আকর্ষণীয় এক টি-টোয়েন্টি লিগে।
জহির আব্বাস তাঁর দেশের ক্রিকেটারদের আইপিএলে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের সরাসরিই অনুরোধ করবেন। তিনি বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের আমন্ত্রণে বেঙ্গালুরু যাবেন আইপিএলের ফাইনাল উপভোগ করতে। এই সুযোগটা তিনি কাজে লাগাবেন পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা খোলার ব্যাপারে।
এই সফরকে সামনে রেখে লাহোরে সাংবাদিকদের জহির আব্বাস বলেন, ‘এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলের মর্যাদা বাড়াবে। এই প্রতিযোগিতার গুরুত্বও বেড়ে যাবে পাকিস্তানিদের কল্যাণে। আমি বেঙ্গালুরুতে গিয়ে আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েছি, আমন্ত্রণটা সানন্দে গ্রহণ করেছি। এই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। আমি বিসিসিআইয়ের কর্তাদের অনুরোধ জানাব, তাঁরা যেন আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশ নেওয়ার বিষয়টা নতুন করে ভেবে দেখেন।’
জহির আব্বাস এই সুযোগ ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের কথাও তুলবেন বলে জানিয়েছেন, ‘আমি মনে করি এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজের ব্যাপারে দুই দেশের সরকারি বাধাগুলো দূর হওয়া দরকার। আমি ভারত সফরে ব্যাপারটা নিয়ে আলাপ-আলোচনা করব। যদিও এটা এখন পুরোপুরিই দুই দেশের সরকারের ব্যাপার।’
আগামী জুলাই মাসে আইসিসির সভাপতি হিসেবে জহির আব্বাসের বছরকালীন মেয়াদ শেষ হতে চলেছে। এরপর তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে পেতে যাচ্ছেন বলে জানা গেছে। সূত্র: পিটিআই।