আইপিএলে আবার আলোচনায় ফিক্সিং

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভাবমূর্তি এখন আর সেরকম ‘সাদা’ নেই। নানা অনিয়ম, দুর্নীতি আর কেলেঙ্কারির ছোবলে জর্জরিত জনপ্রিয় এই টুর্নামেন্টটি। সদ্যই শুরু হয়েছে আইপিএলের অষ্টম আসর। আর শুরুর দিন কয়েক যেতে না যেতেই আলোচনায় উঠে এসেছে ‘ফিক্সিং’ প্রসঙ্গ। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির দল রাজস্থান রয়্যালসের একজন খেলোয়াড়কে নাকি ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সেই খেলোয়াড়। ঘটনাটি তিনি জানিয়েছেন দুর্নীতি প্রতিরোধে কাজ করা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে, খবর মিলছে এমনই।
আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু) ঘটনাটি হালকাভাবে নেয়নি। ঘটনাটি খতিয়ে দেখছে তারা। আকসুর জিজ্ঞাসাবাদে অভিযোগকারী খেলোয়াড় জানান, আইপিএল শুরুর আগে তাঁর কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে আসেন তাঁরই একজন সতীর্থ এক ক্রিকেটার। রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেন তাঁরা। বেশ ভালো অঙ্কের টাকার প্রলোভনও দেখানো হয়েছিল। কিন্তু সেই ফাঁদে পা দেননি তিনি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো খেলোয়াড়েরই নাম জানা যায়নি।
এমনিতেও টাকার ছড়াছড়ি ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টটিতে। সোজা পথের পাশাপাশি ‘বিপথে’ও আছে বিপুল পরিমাণ অর্থের হাতছানি। আর এই বিপথে পা বাড়িয়েই ক্যারিয়ার ধ্বংস হয়েছে অনেকের, কলুষিত হয়েছে ক্রিকেট। ২০১৩ সালে এই রাজস্থান রয়্যালসেরই আরেক খেলোয়াড় শ্রীশান্ত ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে নিষিদ্ধ হন। ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। একই কারণে ভারত ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ হারাতে হয়েছে বহুল আলোচিত এন শ্রীনিবাসনকেও। সূত্র: জি নিউজ।