আইপিএলে চীনের স্পনসর রাখবে তো বিসিসিআই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলের টাইটেল স্পনসর ভিভো। ছবি: টুইটার
আইপিএলের টাইটেল স্পনসর ভিভো। ছবি: টুইটার

বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধুমাল কাল জানান, আগামী বর্ষচক্রের স্পনসর নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে চীনের সঙ্গে সীমান্তে সংঘাতের কারণে আইপিএল চাইনিজ প্রতিষ্ঠানের স্পনসর বাতিলের কথা ভাবা হচ্ছে না। কিন্তু কাল বিষয়টি আর এ পর্যন্ত থাকেনি।

ভারতজুড়ে এখন চলছে চীন-বিরোধী প্রচারণা। চীনের পণ্য বর্জনের ডাকও দেওয়া হয়েছে। গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সৈন্যদের মৃত্যুই তার কারণ। এ পরিস্থিতিতে নতুন খবর, আইপিএলের টাইটেল স্পনসর পুর্নমূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অর্থাৎ ধুমাল যা বলেছেন ঠিক তার উল্টো। ধুমালের যুক্তি ছিল, চীনের টাকায় যদি ভারতের লাভ হয় তাহলে অসুবিধার তো কিছু নেই।

আইপিএলে এখন টাইটেল স্পনসর চাইনিজ মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। কাল রাতে বিসিসিআই পরিচালিত আইপিএলের টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে বলা হয়, 'সীমান্তে সংঘাতে আমাদের জওয়ানরা শহীদ হয়েছে। উদ্ভুত এ পরিস্থিতি বিবেচনা করে আগামী সপ্তাহে আইপিএলে নানা স্পনসর নিয়ে কথা বলা হবে।' গত চার দশকের মধ্যে এই প্রথমবারের মতো সীমান্তে সংঘাতে লিপ্ত হয়েছে চীন ও ভারত। প্রায় ২০জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে।

ভিভোর সঙ্গে আইপিএলের পাঁচ বছর মেয়াদী চুক্তি শেষ হবে ২০২২ সালে। এই প্রতিষ্ঠানের কাছ থেকে বছরে ৪৪০ কোটি রুপি পেয়ে থাকে বিসিসিআই। ধুমাল তাই বলেছিলেন, 'চীনের স্পনসর তো ভারতীয় ক্রিকেটের স্বার্থই দেখছে। ভারতের ভেতর থেকে কিংবা চীনের বাইরের কোনো প্রতিষ্ঠান স্পনসর হতে পারত। কিন্তু কৌশলটা হলো এখানে (ভারতে) যখন তারা পণ্য বিক্রি করছে, সেই টাকার একটা অংশ কিন্তু ভারতে থেকে যাচ্ছে। বিসিসিআই চীনকে টাকা দিচ্ছে না। এর উল্টোটা ঘটছে। আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের।'