আইপিএলে নতুন যুগের শুরু?
১৪ বছর!
আইপিএলের বয়স কম হলো না। সেই যে প্রথম ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বেঙ্গালুরুর মাটিতেই ১৫৮ রানের ইনিংস খেলে কচুকাটা করলেন কলকাতা নাইট রাইডার্সের ব্রেন্ডন ম্যাককালাম, এরপর কেটে গেছে ১৪ বছর। এর মধ্যেই বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আইপিএল। কিছুদিন পরেই আইপিএলের ১৫তম আসর। সময়ের সঙ্গে সঙ্গে কলেবরেও বেড়ে ওঠা আইপিএলের এই আসরে আটটি নয়, লড়বে দশটি দল। সেটিকে সামনে রেখে শনি ও রোববার দুই দিনব্যাপী মেগা নিলামও হয়ে গেল বেঙ্গালুরুতে। আগামী তিন বছরের জন্য নিজেদের গুছিয়ে নিল দশটি ফ্র্যাঞ্চাইজি।
কিন্তু এই গুছিয়ে নেওয়ার তোড়জোড়ের মধ্যে একটুও কি বিদায়রাগিণীর করুণ সুর বেজে উঠছে না? ১৪ বছর ধরে যাদের কাঁধে চড়ে আইপিএল আজকের পর্যায়ে এসেছে, তাঁদের অনেকেই নেই যে এবার!
ফলে এবারের আইপিএল এক অর্থে যুগবদলের বার্তাও নিয়ে আসছে। ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, ইয়াশ ধুল, রাজ বাওয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লিয়াম লিভিংস্টোন, শার্দূল ঠাকুরদের মাথায় তুলে নেওয়া এবারের আইপিএল অনাদরে ফেলে দিয়েছে বেশ কয়েকজন কিংবদন্তিকে, আইপিএলের অংশই হয়ে গিয়েছিলেন যাঁরা। দল পাননি তাঁদের কেউই। কেউ আগেই অবসর নিয়েছেন, কেউ নিলামের টেবিলে থেকে গেছেন অবিক্রীত। দেখে নেওয়া যাক সেসব নাম!
ক্রিস গেইল (অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ)
ক্রিস গেইলের দিন আর আগের মতো নেই, এ পুরোনো সংবাদ। কালেভদ্রে জ্বলে ওঠে তাঁর ব্যাট, ফিল্ডিংয়ের কথা যত কম বলা যায়, ততই ভালো। টি-টোয়েন্টি ক্রিকেটে তর্কাতীতভাবে সবচেয়ে সফল খেলোয়াড়কে দিয়ে যে আর কাজ হচ্ছে না, সেটা গতবার আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। মাঝপথেই আইপিএল ছেড়ে চলে গিয়েছিলেন গেইল। জৈব সুরক্ষাবলয়ে থাকার ধকল নিতে না পেরে আইপিএল ছেড়ে যাচ্ছেন, আনুষ্ঠানিক বিবৃতিতে তখন এই কারণ দেখানো হলেও সবাই বুঝেছিলেন, নতুন তারকাদের সঙ্গে ঠিক পেরে উঠছেন না এই ৪২ বছর বয়সী। যার আনুষ্ঠানিক নিশ্চয়তা এল, এবার যখন আইপিএলের নিলাম-তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন গেইল। ১৪ বছর ধরে আইপিএলে সাড়ে ৪ হাজারেরও বেশি রান করা এই তারকা সামনেও কোনো দল পাবেন, এমন মনে করা বেশ কঠিন।
সুরেশ রায়না (ব্যাটসম্যান, ভারত)
আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ছিলেন রায়না। মাঝে চেন্নাই যখন নিষিদ্ধ ছিল, খেলেছিলেন গুজরাট লায়নসের হয়ে। নিষেধাজ্ঞা শেষে চেন্নাই ফেরত আসার পর আবারও বিখ্যাত হলুদ জার্সি গায়ে চড়িয়েছেন। চেন্নাইয়ের সাফল্যগাথায় মহেন্দ্র সিং ধোনি যদি রাম হন, নিঃসন্দেহে লক্ষ্মণ হবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেই রায়নাকে এবার যখন চেন্নাই ধরে না রেখে নিলামের টেবিলে ঠেলে দিল, তখনই বোঝা গিয়েছিল রায়নার ভবিষ্যতে কী লেখা থাকতে পারে। নিলামের টেবিলে এবার আইপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহককে দলে নেওয়ার ব্যাপারে কেউ আগ্রহ দেখায়নি। এমনকি প্রথম দফায় অবিক্রীত থাকা রায়নাকে দ্বিতীয় দফায় নিলামের টেবিলে ফেরানোর জন্যও আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির। ক্যারিয়ারে এই প্রথম আইপিএল নিলামে অবিক্রীত রইলেন রায়না। পরে দল পাবেন, এমনটা মনেও হয় না।
এবি ডি ভিলিয়ার্স (ব্যাটসম্যান, দক্ষিণ আফ্রিকা)
বেঙ্গালুরুর অধিনায়কের পদ থেকে বিরাট কোহলির সরে যাওয়ার পর ডি ভিলিয়ার্স ফ্র্যাঞ্চাইজিটার হাল ধরবেন, এমনটাই মনে করা হয়েছিল। বেঙ্গালুরু-কর্তাদের চিন্তা বেড়ে যায়, কয়েক দিন আগে যখন ডি ভিলিয়ার্সও সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার জার্সি তুলে রাখা সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স তবু বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে গেছেন। সে ধারার যবনিকাপাত ঘটে গত নভেম্বরে। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ২০০৮ সাল থেকে তিন বছর খেলে ডি ভিলিয়ার্স ২০১১ সাল থেকে আইপিএলে খেলছিলেন বেঙ্গালুরুর হয়ে। এরপর আর ফ্র্যাঞ্চাইজি বদল করেননি। ১৪ বছর ধরে আইপিএলে ৫ হাজারেরও বেশি রান করা ডি ভিলিয়ার্স না থাকলেও এবারই প্রথমবারের মতো আইপিএলের স্বাদ পাবেন দক্ষিণ আফ্রিকা থেকেই উঠে আসা, ‘বেবি এবি ডি ভিলিয়ার্স’খ্যাত ব্যাটসম্যান ডেভাল্ড ব্রেভিস। যুগবদল হয়তো একেই বলে!
হরভজন সিং (স্পিনার, ভারত)
আইপিএলের সবচেয়ে সফল তিন দলের হয়ে খেলার কৃতিত্ব আছে হরভজনের। প্রথম ১০ বছর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা ‘ভাজ্জি’ পরের ৩ বছর খেলেছেন চেন্নাই সুপার কিংসে, গত বছর তাঁকে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কলকাতার হয়ে প্রথম কয়েকটা ম্যাচ খেললেও পরে বরুণ চক্রবর্তী আর সুনীল নারাইনের জন্য আড়ালে চলে যান। ১৪ বছরে গুনে গুনে ১৫০ উইকেট নেওয়া এই স্পিনার এবার নিলামের আগেই ডি ভিলিয়ার্সের মতো নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। কয়েক দিন আগে দিয়েছেন অবসরের ঘোষণাও।
ইশান্ত শর্মা (পেসার, ভারত)
প্রথম মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণের ভার সামলানো ইশান্ত পরবর্তী সময়ে একে একে খেলে গেছেন ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুনে সুপারজায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোয়। গতবার আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা আর আভেশ খানদের কল্যাণে বেঞ্চই ছিল এই ডানহাতি পেসারের ঠিকানা। এবার বেঞ্চেও ঠাঁই হয়নি। কোনো দলই ইশান্ত শর্মার ভিত্তিমূল্য দেড় কোটি পরিশোধ করার ব্যাপারে আগ্রহ দেখায়নি, নিলামে টানাটানি করা তো দূরে থাক। সব মিলিয়ে ৩৭.০২ গড়ে ৭৩ উইকেট নিয়েই ইশান্তের আইপিএল ক্যারিয়ার শেষ হচ্ছে, বলাই যায়।
সৌরভ তিওয়ারি (ব্যাটসম্যান, ভারত)
শুরু থেকে যারা আইপিএল দেখেন, তাঁদের কাছে সৌরভ তিওয়ারি বেশ পরিচিত মুখ। মাঝে দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে কয়েক মৌসুম খেললেও সৌরভের সঙ্গে সমার্থক হয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ানস নামটা। বহু বছর এই ফ্র্যাঞ্চাইজির মিডল অর্ডার সামলেছেন, ঝাঁকড়া চুলের কারণে শুরুতে যার সঙ্গে নিয়ত মহেন্দ্র সিং ধোনির তুলনা দেওয়া হতো। এবার তাঁকেও দেখা যাবে না, কোনো দলই নেয়নি এই ব্যাটসম্যানকে।
অমিত মিশ্র (স্পিনার, ভারত)
সৌরভ তিওয়ারি বললেই যেমন মুম্বাই ইন্ডিয়ানসের নাম চোখে ভাসত, অমিত মিশ্রর সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলস/ক্যাপিটালসের সম্পর্কটাও অমনই ছিল। দীর্ঘদিন ফ্র্যাঞ্চাইজিটার মূল লেগ স্পিনার ছিলেন অমিত মিশ্র। এবার নিলামে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে উঠেছিল তাঁর নাম। কেউ কেনেনি, দিল্লিও না। গোটা আইপিএল ক্যারিয়ারে ১৬৬ ম্যাচ খেলে ১৫৪ নিয়েছেন উইকেট, গতবারও ৪ ম্যাচ খেলে নিয়েছিলেন ৬ উইকেট। কিন্তু এবার লেগ স্পিনের জন্য কূলদীপ যাদবকে বেছে নিয়েছে দিল্লি। নিলাম শেষে দিল্লির মালিক পার্থ জিন্দাল অমিত মিশ্রর অবদানের কথা ভোলেননি মোটেও, ‘মিশি ভাই, দিল্লিই আপনার জীবন!’
পীযূষ চাওলা (ভারত)
অমিত মিশ্রর মতো আরেক লেগ স্পিনার বছরের পর বছর ধরে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে গেছেন। তিনি পীযূষ চাওলা। কিংস ইলেভেন পাঞ্জাব আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশি খেলা এই স্পিনারকে দেখা গেছে মুম্বাই ইন্ডিয়ানস আর চেন্নাই সুপার কিংসের হয়েও। এবার কেউই আগ্রহ দেখায়নি তাঁকে নিয়ে। আইপিএলে ২৭.৩৯ গড়ে ১৫৭ উইকেট চাওলার।
উল্লেখযোগ্য আরও যাঁরা অবিক্রীত থেকেছেন এবার—
সাকিব আল হাসান (বাংলাদেশ)
মোজেস হেনরিকেস (অস্ট্রেলিয়া)
কলিন মানরো (নিউজিল্যান্ড)
স্কট কুগেলাইন (নিউজিল্যান্ড)
আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)
ডেভিড ভিসা (নামিবিয়া)
কেইন রিচার্ডসন (অস্ট্রেলিয়া)
রস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ)
বেন কাটিং (অস্ট্রেলিয়া)
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
অ্যান্ড্রু টাই (অস্ট্রেলিয়া)
বেন ম্যাকডারমট (অস্ট্রেলিয়া)
জর্জ গারটন (ইংল্যান্ড)
চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা)
ইশ সোধি (নিউজিল্যান্ড)
কায়েস আহমেদ (আফগানিস্তান)
তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)
শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ)
চেতেশ্বর পূজারা (ভারত)
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
এউইন মরগান (ইংল্যান্ড)
মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া)
ডেভিড মালান (ইংল্যান্ড)
সন্দ্বীপ লামিচানে (নেপাল)
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)
মুজিব উর রহমান (আফগানিস্তান)
আদিল রশিদ (ইংল্যান্ড)
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)