আইপিএলে নেই, স্টোকসের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলাও সংশয়ে
করোনায় স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, আইপিএলের এই বাকি অংশে অংশ নেওয়া হচ্ছে না বেন স্টোকসের। ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এবার রাজস্থান রয়্যালসের দলে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার।
তবে শুধু আইপিএলে না খেলাই শেষ নয়; আইপিএলের কদিন পর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতেই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্টোকসের খেলার সম্ভাবনা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বলে জানাচ্ছে মেইল অনলাইন।
আগামী শুক্রবারের মধ্যে আইসিসির কাছে বিশ্বকাপ স্কোয়াড জমা দিতে হবে ইংল্যান্ডকে। ১০ অক্টোবরের মধ্যে দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
৩০ বছর বয়সী এই ইংলিশ অলরাউন্ডার গত জুলাইয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেন। তখন জানা গিয়েছিল, নিজের মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার এবং চোটগ্রস্ত আঙুল ঠিক করতে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন স্টোকস।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের ডাকে তিনি আগামী মাসে দুবাই যাবেন কি না, তা এখনো অনিশ্চিত। মেইল অনলাইন এ নিয়ে প্রকাশ করেছে স্টোকসের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি, ‘সে এই মুহূর্তে ক্রিকেট নিয়ে ভাবছেই না।’
আগামী শুক্রবারের মধ্যে আইসিসির কাছে বিশ্বকাপ স্কোয়াড জমা দিতে হবে ইংল্যান্ডকে। নির্বাচকেরা ১৫ জনের দল এবং রিজার্ভ হিসেবে আরও তিন খেলোয়াড় বেছে নেবেন। বৃহস্পতিবারই ঘোষণা চলে আসতে পারে। ১০ অক্টোবরের মধ্যে দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্টোকসের ওপর কোনো চাপ সৃষ্টি করতে রাজি নয়। গত ৩০ জুলাই স্টোকস ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেওয়ার পর ইসিবি বলেছিল, স্টোকসের ‘যত দিন দরকার তত দিন’ ছুটি দেওয়া হবে।
মেইল অনলাইন এ নিয়ে প্রকাশ করেছে স্টোকসের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি, ‘সে এই মুহূর্তে ক্রিকেট নিয়ে ভাবছেই না।’
গত জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী ইংল্যান্ড দলের নেতৃত্ব দিয়েছিলেন স্টোকস। সেবারই প্রথমবারের মতো ওয়ানডে দলের নেতৃত্ব দেন তিনি। আঙুলে অস্বস্তি বোধ করায় তখন বলা হয়, ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের কয়েকটি টেস্টে না-ও দেখা যেতে পারে ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে।
স্টোকস অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা বলার পর তাঁর প্রশংসা করেছিলেন ইংল্যান্ড ছেলেদের জাতীয় দলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলি জাইলস, ‘খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা আমাদের প্রাথমিক দায়িত্ব। বেনের যত দিন ছুটি দরকার, সে সেটা পাবে। আমরা চাই, ভবিষ্যতে সে ইংল্যান্ডের হয়েই খেলুক।’