আইপিএলে ফিরছেন সাকিব
দেশে পাকিস্তান সিরিজ ছিল। মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৮ ও ১১ এপ্রিল দুটি ম্যাচ খেলেই তাই ঢাকায় ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সিরিজ শেষে সাকিব আজ দুপুরে আবার ভারতে যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে।
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। সাকিবের আশা, শিরোপা ধরে রাখা যাবে এবারও। কাল বনানীতে নিজের নতুন রেস্টুরেন্ট সাকিব’স ডাইনে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা গত তিনবারের মধ্যে দুবার চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি, এবারও সে রকম কিছুই হবে।’
১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে শাহরুখ খানের দল। ১৪ ও ১৬ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে কলকাতা। সেই পর্যন্ত সাকিব ভারতেই থাকছেন। দেশে কবে ফিরবেন, সেটা নির্ভর করছে তাঁর দল টুর্নামেন্টে কত দূর পর্যন্ত যেতে পারে, তার ওপর। তবে সাকিবের বিশ্বাস, ইডেন গার্ডেনে ২৪ মের ফাইনাল খেলে আসতে পারবেন তিনি।