আইপিএলে ভারতের 'ক্ষতি' দেখছেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি চান না কোহলি। ফাইল ছবি
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি চান না কোহলি। ফাইল ছবি

ভারত এক সময় বাইরের দলগুলোর জন্য ছিল এক রকম ধাঁধা। এখনো টেস্টে ভারতকে ভারতের মাটিতে হারানো কত কঠিন, সেটা হাড়ে হাড়ে টের পেল র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। অথচ এই দক্ষিণ আফ্রিকাই কিন্তু ভারতকে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে অনায়াসে। সংক্ষিপ্ত সংস্করণে ভারত এখন আর নিজেদের ‘হোম অ্যাডভান্টেজ’ নিতে পারে না বলেই মনে করে অনেকে।

বিরাট কোহলিরও মত তা-ই। ভারতের টেস্ট অধিনায়ক মনে করেন, এ দিক দিয়ে আইপিএল ভারতের ‘ক্ষতি’ই করে দিয়েছে। কারণ এই টুর্নামেন্টে বাইরের দেশের তারকা ক্রিকেটাররা খেলে খেলে ভারতীয় কন্ডিশনে হাত পাকাচ্ছে।

কোহলি বলেছেন, ‘গত আট-নয় বছরে সারা বিশ্ব থেকে আইপিএলে এত এত খেলোয়াড় খেলেছে, ভারতীয় কন্ডিশনের সঙ্গে এখন ওরা বেশ পরিচিত। সংক্ষিপ্ত সংস্করণে আমরা খেলোয়াড়দের কন্ডিশন অনুযায়ী অনায়াসে খেলতেও দেখেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত সিরিজেও। ওরা এখন জানে ভারতীয় কন্ডিশনে কোথায় বল করতে হয়, খেলতে হয় কোন শটটা।’

আগামী মার্চ-এপ্রিলে ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতকে এখনই ফেবারিট ধরে নিতে নারাজ কোহলি, ‘খেলাটা টি-টোয়েন্টি। এখানে প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলায়। এখানের আর স্বাগতিক হওয়ার সুবিধা নেওয়ার সুযোগ নেই। ফলে যেকোনো দলই ​ফেবারিট। অবশ্যই ভারত চাইবে এবার চ্যাম্পিয়ন হতে। গতবার আমার নিজেরই ভীষণ খারাপ লেগেছিল। আমরা একদম শেষ প্রান্তে গিয়েও ফিনিশিং লাইন পার হতে পারিনি।’

গতবার বাংলাদেশে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারত। ​সূত্র: পিটিআই।