আইপিএলে সেরা বোলিং এক পাকিস্তানির!
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেলেছিলেন। শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক, ইউনিস খান, শোয়েব আকতার, শোয়েব মালিকদের সঙ্গে খেলতে এসেছিলেন বাঁহাতি পেসার সোহেল তানভীরও। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই পাকিস্তানি পেসারের দখলেই এখনো আইপিএলে সেরা বোলিং-কীর্তিটা। আইপিএলের প্রথম আসরে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। গত ১০টি আসরে তানভীরকে ছাপিয়ে যেতে পারেননি আর কোনো বোলারই।
গত মৌসুমে তানভীরের রেকর্ডটি হুমকির মুখে ফেলেছিলেন অস্ট্রেলীয় লেগ স্পিনার অ্যাডাম জামপা। রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে গুজরাট লায়নসের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন তিনিও। কিন্তু রান দেওয়ার হিসাবে তানভীরকে ছাপিয়ে যেতে পারেননি জামপা। তাঁর ৬/১৯ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং-কীর্তি।
আইপিএলের সেরা বোলিং-কীর্তির তালিকায় আছেন ভারতের বর্তমান কোচ, সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলেও। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন টেস্টে ইনিংসে ১০ উইকেট পাওয়া এই স্পিনার।
সেরা বোলিংয়ের তালিকায় শীর্ষ পাঁচে তানভীর, জামপা ও কুম্বলের সঙ্গে আছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা ও শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাও। ইশান্ত ২০১১ সালে এখন বিলুপ্ত হয়ে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সের হয়ে আরেক বিলুপ্ত দল কোচি টাস্কার্স কেরালার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। মালিঙ্গা ২০১১-তেই দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ১৩ রানে নিয়েছিলেন ৫ উইকেট।
আইপিএলে এক ম্যাচে ৬ উইকেট পেয়েছেন দুজনই—তানভীর ও জামপা। কুম্বলে, ইশান্ত ও মালিঙ্গাদের সঙ্গে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে আরও ১১ জনের। তাঁরা হলেন রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জেমস ফকনার, অ্যান্ড্রু টাই, হরভজন সিং, সুনীল নারাইন, মুনাফ প্যাটেল, লক্ষ্মীপতি বালাজি, দিমিত্রি মাসকারেনহাস, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকড়। ফকনার ও উনাদকড় দুবার করে ৫ উইকেট নেওয়ার কীর্তি নিজের করেছেন।