আইপিএলে 'আপত্তি' অ্যামব্রোসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট অর্থের হাতছানি, নাকি দেশের হয়ে খেলার সম্মান? ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, কাইরন পোলার্ড কিংবা আন্দ্রে রাসেলদের কাছে হয়তো প্রথমটাই বেশি পছন্দের। দেশের হয়ে খেলার বদলে তাঁরা বেছে নিয়েছেন আইপিএলকে। সিদ্ধান্তটা খেলোয়াড়দের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর সে কারণেই বেশ কয়েকজন ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়ের এই সিদ্ধান্তে মোটেও অসন্তুষ্ট নন কিংবদন্তি পেসার ও ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ কার্টলি অ্যামব্রোস। তবে যাঁরা দেশের হয়ে খেলা বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছেন, আইপিএল শেষ হলেই তাঁদের আবার সরাসরি জাতীয় দলে ফেরাতে যথেষ্ট আপত্তি আছে তাঁর।
টি-টোয়েন্টি লিগগুলোতে ইচ্ছেমতো খেলবেন বলেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হননি ক্রিস গেইল। ব্রাভো, সিমন্সরাও টেস্ট ক্রিকেটকেই বিদায় জানিয়েছেন টি-টোয়েন্টি লিগে আরও সময় দেবেন বলে। পোলার্ড নিয়েছেন অনির্দিষ্টকালের বিরতি। রাসেলও বলেছেন, সাদা পোশাকে খেলার মতো যথেষ্ট ফিট নন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে তাই খেলতে হচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটারদের ছাড়াই। এঁদের বাইরে রেখেই সম্প্রতি ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজটা ১-১ ড্রও করেছে তারা। অভিজ্ঞ ক্রিকেটারদের অনেককে না পাওয়ায় তরুণদের নিয়েই কাজ করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ অ্যামব্রোসকে। তাতে আপত্তি নেই তাঁর। তবে যাঁরা দেশের হয়ে খেলা ছেড়ে আইপিএলে খেলেছেন, তাঁদের আবার সরাসরি জাতীয় দলে ফেরানোটা ঠিক নয় বলেই মনে করেন তিনি, ‘আমি ওদের সিদ্ধান্তকে অসম্মান করছি না। আমরা কাউকে এ সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারি না বা করাও উচিত নয়। কিন্তু আপনি যখন নিজ ইচ্ছায় চলে যাবেন আবার এসেই সরাসরি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা শুরু করবেন—এটাও হওয়া উচিত নয়। আমার এতে যথেষ্ট আপত্তি আছে।’
আত্মজীবনী টাইম টু টকের প্রচারণা ও ইংল্যান্ড-নিউজিল্যান্ড প্রথম টেস্ট উপলক্ষে অ্যামব্রোস এখন লন্ডনে। সেখানেই বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটাররাও যথেষ্ট প্রতিভাবান। এখন ওদের শুধু ধারাবাহিক হতে হবে।’
তবে অ্যামব্রোস না চাইলেও আইপিএল খেলে আসা কেউ যদি আবার টেস্ট দলে ফিরতে চান তাতে আপত্তি নেই ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের, ‘অবশ্যই সবাই চায় ওদের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে আবার দেখতে। টেস্ট ক্রিকেটের জন্য তাঁরা যথেষ্ট ভালোও। কাউকে বাতিল করে দেওয়া কিংবা বাতিলের কথা ভাবা আমার কাজ নয়।’ এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।