আইপিএলেই অস্ট্রেলিয়ারই সর্বনাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের টেকনিকে দুর্বলতার পেছনে টি-টোয়েন্টির দায় দেখেন চ্যাপেল। ফাই​ল ছবি
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের টেকনিকে দুর্বলতার পেছনে টি-টোয়েন্টির দায় দেখেন চ্যাপেল। ফাই​ল ছবি

অ্যাশেজ হার নিয়ে কাটাছেঁড়া চলছেই। দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়কের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠেছে, ব্যাটসম্যানদের নিয়ে তো সমালোচনা সবার। দলে ভাঙনের গুঞ্জনও পুরোনো হয়ে গেল। সমালোচকদের হাত থেকে ছাড় পাননি তাঁদের বউ বাচ্চারাও। এবার চাবুক হাঁকালেন সাবেক অস্ট্রেলীয় দলনেতা ইয়ান চ্যাপেল। তাঁর মতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আইপিএল-লিপ্সাই নাকি এই বিপর্যয়ের কারণ।
অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সংস্কৃতিতে অ্যাশেজের গুরুত্ব প্রায় বিশ্বকাপ জয়ের সমতুল্য। অ্যাশেজ হারকে তাই অনেক বেশি গুরুত্বের সঙ্গেই দেখা হয়। কিন্তু ২০০৫ সাল থেকেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাটিতে ব্যর্থ। এত দিনে তো অস্ট্রেলিয়ার ইংল্যান্ডে সিরিজ হারে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা! কিন্তু অস্ট্রেলিয়ান ভক্ত বা সাবেক খেলোয়াড়দের বেশি আহত করেছে তাঁদের দলের অসহায় আত্মসমর্পণ। ইয়ান চ্যাপেলও তাঁদের ব্যতিক্রম নন। বিশেষ করে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে চিন্তিত চ্যাপেল। ব্যাটসম্যানদের টেকনিকে উন্নতির জন্য ক্রিকেট ব্যবস্থাপনাকেই ঢেলে সাজানোর কথা বললেন তিনি।
চলতি অ্যাশেজেই বিদায় বলে দিচ্ছেন মাইকেল ক্লার্ক ও ক্রিস রজার্স। কিন্তু তাঁদের উত্তরসূরি কারা হচ্ছেন সেই প্রশ্নের জবাব এখনো খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্কৃতিতে এটি অবিশ্বাস্য এক ঘটনা। গত কিছুদিনে অস্ট্রেলিয়ার হয়ে অভিষিক্ত অধিকাংশ ব্যাটসম্যানই ত্রিশোর্ধ্ব। অর্থাৎ ব্যাটিংয়ে কোনো নতুন মুখ উঠে আসছে না। চ্যাপেল এতে দোষ দেখছেন পুরো ক্রিকেট ব্যবস্থাপনার।
‘আপনি এই ব্যাপারে (বেশি বয়সী ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়ায়) নির্বাচকদের দোষ দেখতে পারেন, কিন্তু আসল সত্য হলো তাঁরা নিরুপায়। নতুনদের দলে আনতে ইচ্ছুক সবাই কিন্তু উপায় কোথায়? দলে আসার মতো কোনো তরুণ খেলোয়াড়ই তো দেখা যাচ্ছে না। বিশেষ করে স্পিন বা সুইং বলে ভালো খেলার মতো টেকনিক নেই অধিকাংশের।’
চ্যাপেল এর পেছনে দায় দেখছেন আইপিএলের মতো টুর্নামেন্টগুলোর। যেখানে ছক্কা-চারের ফুলঝুরিই হচ্ছে ব্যাটিংয়ের শেষ কথা, ‘এখন তো উঠতি ক্রিকেটাররা খেলতেই নামে আইপিএলকে মাথায় রেখে। ওদের চিন্তায় থাকে যদি ওভার প্রতি আট রান নিতে পারি, যদি বড় বড় কিছু ছক্কা হাঁকাতে পারি তবে আইপিএলে একটা বড় দাও মারতে পারব। ওদের চিন্তাই যদি এমন হয়, তাহলে ওদের ব্যাটিং টেকনিকও তো সে রকমই হবে।’
অ্যাশেজে অস্ট্রেলিয়ান ব্যাটিংয়েও দেখা গেছে আগ্রাসী মনোভাবের প্রতিফলন। বিশ্ব ক্রিকেটেই এখন আগ্রাসী ব্যাটিংয়ের চল। কিন্তু আগ্রাসী ব্যাটিং মানেই ভালো ব্যাটিং নয়। চ্যাপেল তা-ই মনে করেন, “যখনই শুনি কেউ বলছে ‘এখনকার ব্যাটিং ভালো’, আমার বমি পায়। কারণ মারকাটারি ব্যাটিংটাই ভালো হচ্ছে, সত্যিকারের ব্যাটিং নয়। অস্ট্রেলিয়ার দিকে তাকালেই বুঝবেন। ব্যাটিংয়ে টিকে থাকার শিল্প অন্যরকম।’
অবশ্য নতুন ব্যাটসম্যানদের প্রতি তাঁর অভিযোগ নেই। তাঁর অভিযোগ অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তাদের প্রতি। অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ার উইকেট নিয়ে তাঁর প্রশ্ন। বিশেষ করে উইকেটগুলো বৈচিত্র্য না রাখা। অন্যান্য দেশের আবহাওয়ার চিন্তা করে উইকেট না-বানানো। অতীতে বৈচিত্র্যপূর্ণ উইকেটে খেলেই নিজেদের ব্যাটিংকে শাণিত করে নিতে পারতেন তরুণ ক্রিকেটাররা। ব্যাটিং টেকনিকও হতো সব ধরনের উইকেটে খেলার উপযোগী। কিন্তু এখন আর সেটি হচ্ছে না। এ কারণে একটু সুইং কিংবা স্পিনিং উইকেট হলেই খেল খতম।
চ্যাপেল এখন তাই তরুণ ব্যাটসম্যানদের টেকনিকে উন্নতির জন্য যা যা করা দরকার সবকিছু করবার জন্য ক্রিকেট বোর্ডের কাছে আহ্বান জানাচ্ছেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে জোর দেওয়ারও আহ্বান তাঁর। কিন্তু আইপিএলের প্রলোভন কি এড়াতে পারবে তরুণ ক্রিকেটাররা? ক্রিকেটারদের কথা বাদ দিন, টি-টোয়েন্টির সোনার ডিম পাড়া হাঁসের লোভে তো ক্রিকেট কর্তারাই অন্ধ!