আইপিএলের চেয়ে দেশ বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের হয়ে টেস্ট খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন মিচেল মার্শ। ছবি: এএফপি
দেশের হয়ে টেস্ট খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন মিচেল মার্শ। ছবি: এএফপি

দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়ে ঠেলে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার নজির কম নেই। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা এ ক্ষেত্রে উদাহরণ। ঠিক তার বিপরীত নজির সৃষ্টি করলেন মিচেল মার্শ। তাঁর কাছে, টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে দেশ বড়। ২৬ বছর বয়সী এ ক্রিকেটার তাই টেস্ট ক্যারিয়ার লম্বা করতে আগামী আইপিএলে খেলবেন না।

গত বছর আইপিএলের নিলামে রাইজিং পুনে সুপারজায়ান্টের সঙ্গে ১০ লাখ ডলারের চুক্তি করেন মিচেল মার্শ। কিন্তু আইপিএলে খেলার চেয়ে তাঁর কাছে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলা বেশি গুরুত্ব পাচ্ছে। সেখানে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুতোর অধীনে বড় দৈর্ঘ্যের ম্যাচে নিজেকে ঘষামাজা করবেন মার্শ। ২০১৯ অ্যাশেজের জন্য নিজেকে প্রস্তুত করতেই কাউন্টি ক্রিকেটকে বেশি প্রাধান্য দিচ্ছেন ২৩ টেস্ট খেলা এ অলরাউন্ডার।

সিডনিতে মার্শ বলেন, ‘টাকাপয়সার দিক বিচারে এটা ছিল বড় সিদ্ধান্ত। কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলাই আমার চূড়ান্ত লক্ষ্য। ভারতে আইপিএল খেলে টাকাপয়সা আয়ের আকর্ষণ রয়েছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিই নিজের ক্রিকেটের কথা ভেবে। ভাবিনি সিদ্ধান্তটি (আইপিএলে না খেলা) নেওয়ার পর এত দ্রুত সেখানে (কাউন্টি) ফিরতে পারব।’