আইপিএলের চেয়ে অগুরুত্বপূর্ণ জাতীয় দলের অনুশীলন?

আর কিছুদিন পরেই চ্যাম্পিয়নস ট্রফি। ঘরের মাঠে আয়োজন বলেই ইংলিশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। ইংল্যান্ড ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প হচ্ছে স্পেনে। কিছুদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে আইপিএলে খেলা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই খেলেছে ইংল্যান্ড। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে স্পেনের কন্ডিশনিং ক্যাম্পে ডাকা হয়েছে সব খেলোয়াড়কেই। আইপিএল থেকে বেন স্টোকস আর জশ বাটলার যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। আজ দুজনেরই ম্যাচ ছিল আইপিএলের প্রথম প্লে–অফে।
কেভিন পিটারসেন মনে করেন, জাতীয় দলের অনুশীলনের চেয়ে এই ম্যাচটি দুজনের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিবেচিত হওয়া উচিত ছিল। শুধু তা-ই নয়, কেপি জাতীয় দলের অনুশীলনকে একরকম তুচ্ছ-তাচ্ছিল্যই করেছেন। আইপিএলের গুরুত্বপূর্ণ খেলা বাদ দিয়ে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প—মেনেই নিতে পারছেন না সাবেক এই ইংল্যান্ড তারকা। কেপির টুইট, ‘হাস্যকর ব্যাপার হলো বেন স্টোকস আর জশ বাটলার আইপিএলের ফাইনালসগুলো বাদ দিয়ে স্পেনে গেছে বিয়ারে চুমুক দিতে।’
টুইটারে তো সব কথা বিশদ বলা যায় না। এরপর স্কাইস্পোর্টসকে পিটারসেন বলেছেন, ‘আমি মনে করি এটা হাস্যকর। একেবারে ফালতু ব্যাপার। স্টোকসের আইপিএলের সেমিফাইনাল ও ফাইনালে খেলা উচিত। আইপিএলের শেষ সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। খুব বড় উপলক্ষ। স্টোকস ও বাটলারকে জিজ্ঞেস করুন। তারাও বলবে আইপিএল তাদের কতটা উন্নতি করতে সাহায্য করছে। তারা স্পেনে কেন গেছে? একটু ফিল্ডিং অনুশীলনের জন্য! তাদের আইপিএলেই খেলা উচিত ছিল।’
পিটারসেন ব্যাখ্যা করেছেন, ‘টাকা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সবাই কেন যেন আইপিএলের টাকা নিয়ে (নেতিবাচকভাবে) কথা বলতে পছন্দ করে। কিন্তু গত রাতে বাটলারের টুইটটা খেয়াল করুন। দেখবেন, সে এই আইপিএলে খেলে কতটা আনন্দিত। আইপিএলে অভিজ্ঞতা, মুম্বাইয়ের তারকা খেলোয়াড়দের সঙ্গে খেলা, মাহেলা জয়াবর্ধনের কোচিং—সবই সে উপভোগ করছে।’
প্রথমবারের মতো আইপিএল খেলতে এসেই প্রতিযোগিতার সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিকেটার হয়েছেন স্টোকস। তাঁকে দাম দিয়ে কিনে পুনে যে ভুল করেনি, সেটা নিজের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করেছেন। ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ৩১২। একটি সেঞ্চুরিও করেছেন। সঙ্গে ১২ উইকেটও আছে। পেস বোলিং অলরাউন্ডার স্টোকসকে ছাড়া পুনের শক্তি দুর্বল তো হবেই। বাটলারও মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ সৈনিক। ১০ ম্যাচে করেছেন ২৭২ রান।
আইপিএলে আজ প্রথম কোয়ালিফায়ার্সে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি রাইজিং পুনে সুপারজায়ান্টস। আগামী ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দিনই ওভালে বাংলাদেশের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।