আইপিএলের জন্য এখনই তাসকিনকে ছাড়ছে না বিসিবি

গতিতে নজর কেড়েছেন তাসকিনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে যাওয়া ক্রিকেট মানচিত্রে আইপিএলে খেলাটা যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্ন। সেই স্বপ্নের হাতছানি এসেছে তাসকিন আহমেদের সামনেও। আইপিএলের এবারের মৌসুমে বাংলাদেশ দলের এই পেসারকে খেলাতে চায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে বিসিবি এখনই তাঁকে ছাড়ছে না।

২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। লক্ষ্ণৌয়ের চাওয়া অনুযায়ী পুরো টুর্নামেন্টেই তাসকিন তাদের হয়ে খেললে তাঁকে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যেতে হবে ওয়ানডে সিরিজের পরপরই। দুই টেস্টের সিরিজটা তখন খেলা হবে না তাসকিনের।

কিন্তু বিসিবি তাসকিনকে সিরিজের মাঝপথে ছাড়বে না বলেই জানা গেছে টিম ম্যানেজমেন্ট সূত্রে। ‘ওকে যেতে হলে তো ওয়ানডে সিরিজের পরপরই যেতে হবে। কিন্তু টেস্ট সিরিজের আগে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একজন বোলারকে কেন ছেড়ে দেব?’—বলেছেন জোহানেসবার্গে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একজন।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আরও পরিষ্কার করে দিয়েছেন ব্যাপারটা। ঢাকা থেকে মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি বলেছেন, ‘তাসকিন অনাপত্তিপত্র পাবে কি না, এ ব্যাপারে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমাদের কাছে তো জাতীয় স্বার্থটা আগে। কেউ আইপিএলে খেললেও সেটা জাতীয় দলের খেলা বাদ দিয়ে নয়। এই মুহূর্তে তাই তাসকিনের যাওয়ার কোনো সম্ভাবনা নেই।’

এবারের আইপিএলে নিলাম থেকে বাংলাদেশের শুধু মোস্তাফিজই ডাক পেয়েছেন
ছবি: টুইটার

তবে নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ও শ্রীলঙ্কা সিরিজের মাঝের সময়টাতে কেউ তাসকিনকে আইপিএলে নিতে চাইলে সেটি বিবেচনা করে দেখা হবে।

ওদিকে মা ও সন্তানদের অসুস্থার কারণে সাকিবকে নিয়েও একটু অনিশ্চয়তা আছে। তবে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, আপাতত যা পরিস্থিতি, তা সিরিজ অসমাপ্ত রেখে সাকিবের দেশে ফিরে আসার মতো নয়। হাসপাতালে খোঁজখবর নিয়েই একথা বলেছেন তিনি, ‘হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আজও আমি কথা বলেছি। সবার অবস্থাই আগের চেয়ে ভালো।’