আইপিএলের টাকা নয়, পরিবারই গুরুত্বপূর্ণ রুটের কাছে

হাতছানি দিয়ে ডাকছে আইপিএলের টাকা। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছে তাঁর সঙ্গে। করারই কথা, যে ফর্ম আর ধারাবাহিকতা। কিন্তু আইপিএল টানছে না জো রুটকে। ঠাসা সূচির কারণে ঠিকভাবে সময় দেওয়া হয় না পরিবারকে। আইপিএলের সময়টাতে থাকতে চান পরিবারের সঙ্গে। সময় দিতে চান কদিন আগেই জন্ম নেওয়া ছেলেকে।
ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে বর্তমানে ভারতে আছেন রুট। কদিন পর আইপিএলের নিলাম। আগ্রহী খেলোয়াড়রা নাম জমা দিয়েছেন। কখনো আইপিএলে না খেলা রুটের কী পরিকল্পনা? সংবাদমাধ্যমকে ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান জানালেন, আইপিএলের নিলামে নাম জমা দেননি। বলেছেন, ‘বাড়িতে থাকা আর (ছেলে) আলফ্রেডকে একটু বেড়ে উঠতে দেখার দারুণ এক সুযোগ হবে এটি।’
রুট ভালো করেই জানেন, আইপিএলে খেললে অভিজ্ঞতাটা আরেকটু বাড়িয়ে নেওয়া যেত। নিজের খেলারও কিছুটা উন্নতি হতো। তবে আপাতত এসব দূরেই সরিয়ে রাখছেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান, ‘বাড়িতে থাকার বিষয়টিই প্রাধান্য পাচ্ছে।’ গত রোববার ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৮ রান করেন রুট। এরপরও ম্যাচটি ৩ উইকেটে হেরে যায় তাঁর দল।
অনেকের চোখে এ সময়ের সেরা ৫ ব্যাটসম্যানের একজন। সব ফরম্যাটেই হাসে তাঁর ব্যাট। আইপিএলে বেশ দামও পেতেন সন্দেহ নেই। কিন্তু টাকাই তো আর জীবনের সব নয়! সূত্র: জি নিউজ।