আইপিএলের নিলামে বাংলাদেশের ৬ জন
আইপিএলের তারার মেলায় কয়েক মৌসুম ধরেই নিয়মিত বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত মৌসুমে আইপিএল মাতিয়েছেন তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। এবারও সাকিব তাঁর আগের দল কলকাতাতেই খেলবেন। মোস্তাফিজকেও রেখে দিয়েছে তাঁর গত মৌসুমের দল সানরাইজার্স হায়দরাবাদ। আর চলতি মৌসুমের টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার।
এবার ৭৯৯ জন খেলোয়াড় আইপিএলের নিলামে নিজেদের তুলতে চেয়েছিলেন। তবে এই তালিকা থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর ভিত্তি করে আইপিএলের নিলাম তালিকা চূড়ান্ত করা হয়েছে। সংখ্যাটা শেষ পর্যন্ত কমে এসেছে ৩৫১-তে। তাঁদের মধ্যে আছেন বাংলাদেশের তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, এনামুল হক, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এই ছয় ক্রিকেটারেরই ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
এবারের নিলামে আইসিসির সহযোগী দলের খেলোয়াড়ও আছেন ছয়জন। আফগানিস্তানের আসগর স্টানিকজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শেহজাদ, রশীদ খান ও দাওলত জারদান। আর আছেন আরব আমিরাতের চিরাগ সুরি। তাঁদের মধ্যে শেহজাদ ও রশীদের ভিত্তি মূল্য সবচেয়ে বেশি—৫০ লাখ রুপি। নিলামে যত খেলোয়াড় অংশ নিচ্ছেন, তাঁদের সবাই যে দল পাবেন এমন নয়। তামিম-তাসকিনদের বেলায়ও তা-ই। ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ২০১৭ আইপিএলের নিলাম। সূত্র: ক্রিকইনফো।