আইপিএলের নেটে অন্য অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিচন্দ্রন অশ্বিনকে কীভাবে সামলানো যায়, সেটি নিয়ে স্টিভেন স্মিথকে তেমন না ভাবলেও চলবে! লড়াই মাঠে গড়ানোর আগে আকাশে উড়ে বেড়ানো নানা কথার মধ্যে এটিও আছে। গত আইপিএলে পুনে সুপারজায়ান্টসে দুজন ছিলেন সতীর্থ। ভারতের বোলিং আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলারটিকে তাই নেটে খেলার অভিজ্ঞতা তো আছেই অস্ট্রেলিয়া অধিনায়কের।
গত মৌসুমের আইপিএলে পুনের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের আরও দুই সদস্য মিচেল মার্শ ও পিটার হ্যান্ডসকম্ব। তবে আইপিএলের সময় অশ্বিনকে নেটে খেলার এই অভিজ্ঞতা খুব একটা সাহায্য করবে বলে মনে করেন না স্মিথ। অশ্বিনের নেটের বোলিং আর ম্যাচের বোলিং যে একেবারেই ভিন্ন! নেটে বেশির ভাগ সময়ই অশ্বিন লেগ স্পিন করার চেষ্টা করেন। এ ধরনের কিছু বল বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টেও করেছিলেন।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চার টেস্টের সিরিজে দুই দলের হয়ে স্মিথ আর অশ্বিনের থাকবে বড় ভূমিকা। স্মিথদের ধন্দের মধ্যে রাখতেই কি গত আইপিএলের সময় নেটে লেগ স্পিন করতেন অশ্বিন? সময়ের অন্যতম সেরা অফ স্পিনার অবশ্য এটা উড়িয়ে দিলেন, ‘আসলে তা নয়। এমন কোনো ভাবনা ছিল না। আইপিএলে যেভাবে অনুশীলন করেছি, তা নিয়ে আমি খুব সন্তুষ্ট। স্কিলে উন্নতি আনতেই লেগ স্পিন করেছিলাম।’
স্মিথ মনে করেন, নিজের আসল অস্ত্র নেটে কখনোই প্রয়োগ করেন না অশ্বিন। এটা তিনি আইপিএলে একসঙ্গে খেলার সময়ই বুঝতে পেরেছিলেন। গত এপ্রিলে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারেই সেটি বলেছিলেন, ‘নেটে অশ্বিনকে সামলানো ভিন্ন। সে প্রচুর লেগ স্পিন করে। সে হয়তো তার অফ স্পিন সম্পর্কে বেশি কিছু জানতে না দেওয়ার চেষ্টা করছিল।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।