
প্রথম বিপিএলের মাঝপথে অপ্রিয় এক সত্যি বলে হইচই ফেলে দিয়েছিলেন মুশফিকুর রহিম। বিপিএলকে বলেছিলেন, চরম বিশৃঙ্খল এক টুর্নামেন্ট। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের এরপর আরও তিনটি আসর গেছে। এবার বসবে পঞ্চমটি। এই কয় বছরে বিপিএল সম্পর্কে বদলেছে মুশফিকের মনোভাবও। বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে ভারতের আইপিএলের পরই বিপিএলের স্থান দেখেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে মুশফিক খেলেছেন শুধু এসএলপিএলে, সেটিও মাত্র কয়েকটি ম্যাচ। তবে দূর থেকে হলেও তাঁর পর্যবেক্ষণ পরিষ্কার, ‘গতবার এবং এবার এখন পর্যন্ত সবকিছু খুব ভালোভাবে হচ্ছে। গতবারের টুর্নামেন্টটাকে আমি বলব, এখন পর্যন্ত বিপিএলের সেরা টুর্নামেন্ট। বিদেশি খেলোয়াড়েরাও এখন সারা বছর বিপিএলের অপেক্ষায় থাকে। আমি মনে করি, প্রতিদ্বন্দ্বিতার দিক দিয়ে এখন আইপিএলের পরেই বিপিএলের অবস্থান।’
বিপিএলে কখনো রাজশাহী, কখনো সিলেট কখনো-বা বরিশালের ফ্র্যাঞ্জাইজির জার্সি গায়ে তুলেছেন মুশফিক। এবার আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন রাজশাহী কিংসে। মুশফিককে পাশে বসিয়ে ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান হাফিজুর রহমান খান কাল তাঁর কার্যালয়ে সে ঘোষণাটাই দিলেন আনুষ্ঠানিকভাবে।
প্রথম দুই আসরের দুরন্ত রাজশাহী গত বিপিএলে মালিক ও নাম বদলে হয়ে যায় রাজশাহী কিংস। প্রথমবার এসেই ওঠে ফাইনালে, কিন্তু ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে জেতা হয়নি শিরোপা। বরিশাল বুলস থেকে রাজশাহীর দলে ফিরে মুশফিকের কণ্ঠে সেই অপূর্ণতা দূর করার প্রতিজ্ঞা, ‘সবারই ইচ্ছা থাকে নিজের এলাকার দলে খেলবে। রাজশাহী কিংস আমাকে নেওয়ায় তাদের ধন্যবাদ। তারা আমাকে যে লক্ষ্যে দলে নিয়েছে, আমি সেটা সার্থক করতে চাই। গতবারের অপূর্ণতা দূর করার চেষ্টা করব।’
বিপিএলে একটা অপূর্ণতা মুশফিকেরও আছে। মুশফিক যে দলেই খেলেছেন, বিপিএলে কখনোই তাঁর দল যেতে পারেনি শিরোপার কাছাকাছি। তবে মুশফিক সে দায় পুরোপুরি নিজের কাঁধে নিচ্ছেন না, ‘বিপিএলের মতো একটা টুর্নামেন্ট কারও একার পক্ষে জেতানো সম্ভব নয়। আমার কাছে এমন কোনো ম্যাজিক ছিল না যে আমি একাই তা পারব। তবে আমার মনে হয়, আমার চেষ্টায় এবং পারফরম্যান্সে কোনো ঘাটতি ছিল না। গত চারটি বিপিএল মিলিয়েই সবচেয়ে বেশি রান (১১৭২) কিন্তু আমার।’
বিপিএলে পাঁচ বিদেশি খেলানোর বিপক্ষে ছিল রাজশাহী কিংস। কিন্তু বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি পাঁচ বিদেশি খেলানোর পক্ষে মত দিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠের সে মত মেনে নিয়েছে রাজশাহীও। তবে মুশফিকের বিশ্বাস, স্থানীয় খেলোয়াড়েরা ভালো খেললে ভবিষ্যতে আবারও চারজনে নেমে আসতে পারে বিদেশির সংখ্যা, এমনকি সংখ্যাটা হতে পারে ৩-ও।
মুশফিককে দলে টানলেও রাজশাহী কিংসের নেতৃত্ব কার কাঁধে থাকবে, সেটি এখনো ঠিক করেনি ফ্র্যাঞ্চাইজি। এই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্টের ওপর। তবে স্থানীয়দের মধ্যে গতবারের মুমিনুল হক, ফরহাদ রেজা ও মেহেদী হাসানকে ধরে রাখাসহ বিদেশি খেলোয়াড়ও মোটামুটি চূড়ান্ত। পুরোনো সামিত প্যাটেল, কেসরিক উইলিয়ামস ও জেমস ফ্রাঙ্কলিনের সঙ্গে এবার যোগ দেবেন লুক রাইট, লেন্ডল সিমন্স ও ম্যালকম ওয়ালার। ড্যারেন সামিকেও ধরে রাখার ইচ্ছা। কিন্তু দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগের একটা দলে খেলার সম্ভাবনা আছে তাঁর। সে জন্যই স্যামি এখনো পাকা কথা দেননি রাজশাহী কিংসকে।